ওমরাহ করতে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন বাংলাদেশি, গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রিয়াদ-মক্কা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে সৌদি সময় দুপুর ১২টার দিকে।
নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা (৪৫) এবং তার দুই সন্তান—ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। রিনার বাবা মরহুম নাজিমুদ্দিন মোল্লা ছিলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আহত দুজন হলেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন, যার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়, এবং দম্পতির বড় ছেলে নাবিল।
রিনার মামাতো ভাই সৌদিপ্রবাসী নাসিম আহমেদ কবীরের ভাষ্য অনুযায়ী, স্বামী ও তিন সন্তানকে নিয়ে বৃহস্পতিবার সকালে রিয়াদ থেকে মক্কার উদ্দেশে রওনা হন রিনা। প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মা, ছেলে ও মেয়ের মৃত্যু হয়।
রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ জানান, মক্কা যাওয়ার পথে পেছন থেকে একটি বড় যানবাহন তাদের প্রাইভেট কারে জোরে ধাক্কা দেয়। তিনি বলেন, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের অবস্থার বিস্তারিত এখনো জানা যায়নি।






