সৌদি আরবে থাকা বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সহজ, দ্রুত ও ভোগান্তিমুক্ত করতে উদ্যোগ নিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। এ নিয়ে বুধবার (২৯ জুলাই) সকালে কনস্যুলেট প্রাঙ্গণে কর্মশালা ও মতবিনিময় সভা হয়, যাতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সভার মূল আলোচ্য ছিল পাসপোর্ট নবায়ন, আবেদনের প্রক্রিয়া এবং কম সময়ে কনস্যুলার সেবা প্রবাসীদের কাছে পৌঁছানোর উপায়। কনসাল জেনারেল সেবার মান বাড়াতে কনস্যুলেটের নেওয়া বিভিন্ন আধুনিক উদ্যোগের কথা জানান এবং সেবা পৌঁছাতে যেকোনো বাধা মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা চান।

গণমাধ্যমকর্মীরা প্রবাসীদের নানা ভোগান্তির কথা তুলে ধরেন। দূরের এলাকা থেকে সেবা নিতে আসা প্রবাসীদের কষ্ট, ই-পাসপোর্টের জন্য বায়োমেট্রিক ও আঙুলের ছাপ দেওয়ার বিষয় এবং নবায়নে ধীরগতির প্রসঙ্গ বিশেষভাবে আলোচনায় আসে।

সভায় কাউন্সিলর ও কার্যালয়ের প্রধান সৈয়দা নাহিদা হাবিবা, কাউন্সিলর এস এম সায়েম এবং কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) আব্দুল জব্বারসহ বিভিন্ন চ্যানেলের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ আলোচনার পর জেদ্দা ও আশপাশের প্রবাসীরা আশা করছেন, শিগগিরই ই-পাসপোর্টসহ কনস্যুলার সেবার ভোগান্তি কমবে এবং মান বাড়বে।