দীর্ঘদিন থেমে থাকার পর সৌদি আরবে জেদ্দা টাওয়ারের নির্মাণ আবার পুরোদমে চলছে। ভবনটির ৪৩০ মিটারের বেশি এরই মধ্যে উঠে গেছে; কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের সর্বোচ্চ ভবন।
গালফ নিউজের বুধবারের (২৯ জুলাই) প্রতিবেদন অনুযায়ী, টাওয়ারটির উচ্চতা এক হাজার মিটার ছাড়াবে বলে জানিয়েছেন সৌদি আরবের ধনকুবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল, প্রকল্পের মূল বিনিয়োগকারী। তার দাবি, ৪০ শতাংশের বেশি কাজ শেষ, বাকিটাও দ্রুত এগোচ্ছে। সম্প্রতি নির্মাণস্থলে প্রকৌশলী ও কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় আল্লাহর প্রশংসা করে তিনি বলেন, কাজ এগিয়ে চলছে এবং বিশ্বের সর্বোচ্চ টাওয়ারের নির্মাণ তারা শেষ করবেন।
২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পটি আর্থিক সংকট ও ঠিকাদারসংক্রান্ত জটিলতায় ২০১৮ সালে থেমে যায়, আবার চালু হয় ২০২৫ সালে। এক কিলোমিটারের বেশি উচ্চতা নিয়ে টাওয়ারটি বর্তমান সর্বোচ্চ ভবন দুবাইয়ের ৮২৮ মিটারের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে এবং প্রথম কিলোমিটার-উঁচু ভবন হবে।
জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রে গড়ে ওঠা ভবনটিতে থাকবে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, পাঁচতারকা হোটেল, অফিস ও পর্যটকদের অবজারভেশন ডেক। ব্যবসা, বিনিয়োগ ও বিলাসী পর্যটন চাঙা করতে প্রায় ৫ কোটি ৭০ লাখ বর্গফুটজুড়ে সৌদি সরকারের যে বড় উন্নয়ন পরিকল্পনা, এটি তার অন্যতম প্রধান প্রকল্প।
জেদ্দা ইকোনমিক কোম্পানি নির্মাণকাজ পরিচালনা করছে, পৃষ্ঠপোষকতায় প্রিন্স আল-ওয়ালিদের কিংডম হোল্ডিং কোম্পানি। নকশা ও প্রকৌশলে আছে সৌদি বিনলাদিন গ্রুপ, থর্নটন টোমাসেটি, ল্যাঙ্গান ইন্টারন্যাশনাল এবং অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গর্ডন গিল আর্কিটেকচার; সব ঠিক থাকলে ২০২৮ সালের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছে গালফ নিউজ।






