সৌদি আরবের মদিনায় গাড়ির ধাক্কায় নুরুল মোস্তফা রাফাত নামে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) বিকেলে তোফা মসজিদের কাছে দুর্ঘটনা ঘটে।
চাচা মোরশেদ আলম জানান, প্রায় চার মাস আগে সৌদি আরবে গিয়ে মদিনার একটি মুদিদোকানে চাকরি নেন রাফাত। কাজ শেষে বাসায় ফেরার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়, গুরুতর আহত রাফাত পরে মারা যান।
রাফাতের বাড়ি চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে। প্রয়াত নুরুল আবছারের এই ছেলে চার ভাইয়ের মধ্যে দ্বিতীয়, রেখে গেছেন স্ত্রী ও দুই বছরের একমাত্র মেয়ে।






