একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও প্রতিবার দেশে ঢোকার আগে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কিনতে হবে এবং ওমরাহ পারমিট নিতে হবে বলে জানিয়েছে সৌদি আরব। গালফ নিউজ রোববার (১৬ আগস্ট) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে।
জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যু হওয়ার দিন থেকে ৩৬৫ দিন বৈধ থাকবে, এর মধ্যে একাধিকবার সৌদি আরবে যাওয়া যাবে। তবে ভিসার পুরো মেয়াদে দেশটিতে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে।
মন্ত্রণালয় বলছে, নতুন ব্যবস্থায় মুসল্লিরা সুবিধামতো ওমরাহর সময় ঠিক করতে পারবেন, কিন্তু ভিসা এক বছরের হলেও প্রতিটি প্রবেশে আলাদা শর্ত মানতেই হবে।
প্রতিবার যাত্রার আগে নুসুকে তালিকাভুক্ত কোনো অনুমোদিত ওমরাহ সেবাদাতার কাছ থেকে নতুন একটি সার্ভিস প্যাকেজ নিতে হবে, আর সেই প্যাকেজের মেয়াদ ভিসার বাকি মেয়াদ ছাড়িয়ে যেতে পারবে না। ওমরাহ পারমিটও সংগ্রহ করতে হবে নুসুক অ্যাপের মাধ্যমে, যেখানে পারমিটের তারিখকে প্যাকেজে উল্লেখ করা তারিখের সঙ্গে মিলতে হবে। প্রবেশ ও ভ্রমণের বাকি সব শর্ত ও যোগ্যতার মাপকাঠিও ভিসাধারীদের মানতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রথমবার ওমরাহ করতে চাইলে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনা দিয়ে প্রক্রিয়া শুরু হবে, এরপর ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষ করতে হবে। যাত্রার আগে যাচাই হবে ভ্রমণকারীর যোগ্যতা।
দেশটিতে পৌঁছালে প্রবেশের তথ্য এবং দেশ ছাড়ার সময় প্রস্থানের তথ্য নথিভুক্ত হবে, যাতে ৯০ দিনের অনুমোদিত অবস্থানের কত দিন খরচ হলো আর কত দিন বাকি, তার হিসাব থাকে। অর্থাৎ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা থাকলেও পরের সফরে সরাসরি ঢোকা যাবে না, প্রতিবারই নতুন করে প্যাকেজ বুকিং ও পারমিট নেওয়ার ধাপ পেরোতে হবে।






