২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে হজযাত্রীদের থাকার ব্যবস্থার জন্য নতুন বিধিমালা ও শ্রেণিবিন্যাসের মানদণ্ড অনুমোদন করেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। মক্কা ও মদিনায় হাজিদের আবাসন স্থাপনার সম্ভাব্য লঙ্ঘন ও অনিয়মের তালিকাও চূড়ান্ত হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষে মুখপাত্র নাসর আল আনসারি বলেন, এই পরিবর্তনের উদ্দেশ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার কাঠামো জোরদার করা, আবাসনসেবা প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি বাড়ানো এবং হাজিরা ওঠার আগেই সেগুলো মান পূরণ করছে কি না, তা যাচাই করা।
নতুন মানদণ্ডে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের মান, পরিচালনার প্রস্তুতি, জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং নিয়ম মানার বিষয়গুলো রাখা হয়েছে। হজ মৌসুমে আবাসনগুলো দুই শ্রেণিতে ভাগ হবে, ইকোনমি ও ফার্স্ট ক্লাস, প্রতিটির জন্য থাকবে আলাদা মানদণ্ড ও শর্ত।
বিধিমালায় অতিথিকক্ষ, অভ্যর্থনা এলাকা ও সাধারণ ব্যবহারের জায়গা থেকে শুরু করে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও অতিথিসেবা পর্যন্ত সব দিক যুক্ত হয়েছে। পরিদর্শন হবে কয়েক ধাপে: লাইসেন্স দেওয়ার আগে, কার্যক্রম শুরুর আগে এবং চালু থাকার সময় নিয়মিতভাবে।
মন্ত্রণালয়ের ভাষ্য, হাজিদের আতিথেয়তা শতাব্দীপ্রাচীন ঐতিহ্যে গড়া এক যৌথ জাতীয় দায়িত্ব, আর নতুন মানদণ্ড নিরাপদ ও সমৃদ্ধ আতিথেয়তার পাশাপাশি হাজিদের সেবায় সৌদি আরবের অঙ্গীকারও তুলে ধরবে।
২০২৭ সালের হজ মৌসুমের লাইসেন্স পেতে আগ্রহী পরিচালনাকারীদের এখনই নতুন শর্ত মেনে প্রস্তুতি শুরু করতে এবং আবেদনের আগেই প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতির কাজ শেষ করতে বলেছে মন্ত্রণালয়।






