সৌদি আরবের মক্কায় ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে হিফজ বিভাগে সেরা হওয়া এই হাফেজ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। একই আসরের ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় হয়েছেন আরেক বাংলাদেশি, হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।
মসজিদুল হারামে বুধবার (১৯ আগস্ট) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সেরা প্রতিযোগীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবার অংশ নিয়েছিলেন ১৩৩টি দেশের ৩৩৪ জন হাফেজ, যা প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি।
কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরের ওপর সাজানো এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা ও এর অর্থ গভীরভাবে বোঝায় উৎসাহ দেওয়া। পাশাপাশি বিশ্বের হাফেজদের সম্মান জানানো ও তাঁদের মেধার মূল্যায়নেও আয়োজনটি ভূমিকা রেখে আসছে।
এবারই প্রথম নারী প্রতিযোগীদের জন্য আলাদা বিভাগ রাখা হয়, যার সমাপনী হয়েছে মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে। পুরুষদের সমাপনী ও প্রধান পুরস্কার বিতরণ হয় মসজিদুল হারামে। পাঁচ বিভাগ মিলিয়ে পুরস্কারের মোট মূল্য দাঁড়ায় সৌদি মুদ্রায় ১ কোটি ২ লাখ ৬০ হাজার রিয়াল, যা আয়োজনের ইতিহাসে সর্বোচ্চ।






