সৌদি আরবের মক্কায় আয়োজিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছেন বাংলাদেশের চার প্রতিযোগী, যাঁদের দুজন নারী। এবারের আসরে অংশ নেন ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী। সব মিলিয়ে বিজয়ীরা পাচ্ছেন এক কোটি সৌদি রিয়ালের বেশি পুরস্কার।
কোরআন মুখস্থ, শুদ্ধতা ও সুরেলা তিলাওয়াতের চতুর্থ বিভাগে পুরুষদের মধ্যে প্রথম স্থান পেয়েছেন মোহাম্মদ নুরুউদ্দিন জাকারিয়া। পুরস্কার হিসেবে তাঁর হাতে উঠেছে সৌদি মুদ্রায় ১ লাখ ৫০ হাজার রিয়াল, টাকার অঙ্কে যা ৪৮ লাখ ৮১ হাজার। এ বিভাগে দ্বিতীয় হয়েছেন লিবিয়ার হাম্মাম মুস্তফা আল–ওবাইদ জুরাইকান এবং তৃতীয় কিরগিজস্তানের মিরবেকভ মুসা।
পুরো কোরআন হিফজ ও তিলাওয়াতের বিভাগে পুরুষদের মধ্যে তৃতীয় হয়ে ১ লাখ ৮০ হাজার রিয়াল পেয়েছেন শেখ মোহাম্মদ মাহমুদ আল–হাসান। এই বিভাগে শীর্ষস্থান পেয়েছেন লিবিয়ার প্রতিযোগী নাজি আতিয়াহ নাজি বিন সুলাইমান।
নারীদের তৃতীয় বিভাগে পুরো কোরআন মুখস্থের পাশাপাশি পরিবেশনা ও তিলাওয়াতের মান যাচাই করা হয়। এখানে তৃতীয় হয়ে মাসফিরা বিনতে মাহমুদ পেয়েছেন ৫৮ লাখ ৩৪ হাজার ৪৮০ টাকার সমপরিমাণ ১ লাখ ৮০ হাজার রিয়াল। এ বিভাগে দুই লাখ রিয়াল নিয়ে প্রথম হয়েছেন আলজেরিয়ার সাফা ইমান বিন ইয়াহইয়া, আর ১ লাখ ৯০ হাজার রিয়াল নিয়ে দ্বিতীয় ঘানার জয়নাব আবদুর রহমান।
কোরআন মুখস্থের চতুর্থ বিভাগে নারীদের মধ্যে তৃতীয় স্থান পেয়েছেন রাবিতা বিনতে রমজান। তাঁর পুরস্কার ১ লাখ ৩০ হাজার রিয়াল, টাকায় যার পরিমাণ ৪২ লাখ ৩০ হাজার ২০০। এ বিভাগে প্রথম মিয়ানমারের থিন জি মুন, দ্বিতীয় হয়েছেন ফিলিস্তিনের রুবা শাহির ইউসুফ ইউনুস।






