মক্কায় ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় জয়ী বাংলাদেশি তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে মক্কার সুইস আল খলিল কোম্পানি। মিসফালার একটি হোটেলে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ আয়োজন হয়।
কোম্পানির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সঞ্চালনা করেন মুফতি মোহাম্মদ কায়েম মোল্লা, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল। পরিচালক জয়নাল আবেদীন হিরো, তৌহিদুল ইসলাম ও ইমাম হোসেন ছিলেন; বক্তব্য দেন হাবিব উল্লাহ মক্কী, হাফেজ জায়েদ আব্দুল্লাহ, মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ও মুফতি মাওলানা সোয়াইব আহমেদ আজহারী প্রমুখ।
বক্তারা বলেন, এ প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের টানা সাফল্য বিশ্বে দেশের গৌরব ও ভাবমূর্তি বাড়াচ্ছে। শেষে অতিথিরা জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পবিত্র কোরআন, জায়নামাজ ও নগদ অর্থসহ উপহার দেন।






