সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় মেলা ৯ জনের মরদেহ দেশে পৌঁছাবে বৃহস্পতিবার (২৭ আগস্ট)। তাদের সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বির সই করা মঙ্গলবারের (২৫ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানানো হয়, আঙুলের ছাপ মিলিয়ে সৌদি কর্তৃপক্ষ ৯ জনকে শনাক্ত করেছে এবং মরদেহ পাঠানোর সব আনুষ্ঠানিকতা শেষ। মরদেহগুলো আসবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে, নামবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

দূতাবাসের তালিকা অনুযায়ী নওগাঁর শনাক্ত সাতজন হলেন আত্রাইয়ের উদনপৈ গ্রামের মো. ফরিদ (বাবা ময়েন উদ্দীন), গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক (বাবা সাইদুর রহমান), একই গ্রামের মোহন আলী ও সুমন আলী (বাবা গুফফার প্রামাণিক) ও কলিমুদ্দিন (বাবা বজলুর রহমান), ডুবাই গ্রামের সোহেল রানা (বাবা বাদল তরফদার) এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার (বাবা তমেজ উদ্দিন সরদার)।

আত্রাইয়ের ইউএনও মো. মনিরুজ্জামান জানান, প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখছে এবং দরকারি কাগজপত্র সৌদি আরবে পাঠানো হয়েছে। বিনা খরচে মরদেহ বাড়ি পৌঁছাতে প্রশাসনের সমন্বয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে বলেও জানান তিনি।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বরাতে ইউএনও আরও জানান, শুরুতে আত্রাইয়ের ১৩ জন নিহত হওয়ার খবর এলেও এখন পর্যন্ত আত্রাইয়ের ১১ জন ও নওগাঁ সদরের একজনের পরিচয় নিশ্চিত হয়েছে; বাকি মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।