জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশন চলাকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সাক্ষাতে প্রতিমন্ত্রী সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করেন।
দুই পক্ষ সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তুষ্টি জানিয়ে অংশীদারত্বকে আরও উঁচুতে নেওয়ার অঙ্গীকার করে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকটি উচ্চপর্যায়ের সফর নানা খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে; সামনে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের কথাও তোলেন তিনি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ অন্যতম; অর্থনৈতিক সহযোগিতায় জোর দিয়ে সৌদি কোম্পানিগুলোর বাড়তি আগ্রহের কথা তুলে ধরেন এবং বিনিয়োগ ও ব্যবসা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। দেশটির উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসাও করেন।
সুবিধামতো সময়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী। সৌদি পক্ষে বৈঠকে ছিলেন পররাষ্ট্র উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুলকরিম আল-খিরেইজি; ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও দুই পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তারাও ছিলেন।






