সৌদি আরবের তায়েফে এক সৌদি তরুণের গুলিতে কামরুল জামান নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে (স্থানীয় সময়), শহরের হাওয়ায়েয়া এলাকায়।

কামরুলের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে, বাবা খোরশেদ আলম। আড়াই বছর আগে জীবিকার খোঁজে সৌদি আরবে যান তিনি; দেশে আছেন স্ত্রী ও দুই ছেলে। তাঁর ভগ্নিপতি একরামুল হক খবরটি নিশ্চিত করেছেন।

পাশের একটি ফার্মেসির এক বাংলাদেশি কর্মীর বরাতে জানা যায়, সুপারমার্কেটে ডিউটি শেষে বাসায় ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন কামরুল। তখন ওই তরুণ হঠাৎ তাঁকে গুলি ছোড়েন; প্রাণ বাঁচাতে কামরুল সুপারমার্কেটে ঢুকে পড়লে হামলাকারী পিছু নিয়ে ভেতরে গিয়ে পরপর তিন রাউন্ড গুলি করেন।

এরপর হামলাকারী নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন, আতঙ্কে পালিয়ে যান সুপারমার্কেটের অন্য কর্মীরা। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।