সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের ভোগান্তি শিগগিরই অনেকটা কমবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত জানান, প্রায় দেড় মাস আগে সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালু হয়। এ সময়ে নানা কারণে চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় অনেক প্রবাসী সাময়িক ভোগান্তিতে পড়েন; পরে দেশটির বিভিন্ন অঞ্চলে দূতাবাসের জনবল ও সেবার পরিসর বাড়ানোয় কার্যক্রম এখন নিয়মিত চলছে।

তিনি বলেন, দূতাবাসের কর্মকর্তারা দিনে ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন, ফলে পাসপোর্টের ভোগান্তি দ্রুতই কমে আসবে। এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ আবেদনের কাজ শেষ হয়েছে, বাকিগুলোও দ্রুত সম্পন্ন হবে বলে জানান তিনি।

এ জন্য সেবা নিতে আসা প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রদূত। সভায় দূতাবাসের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রবাসী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।