সৌদি আরবে থাকা বাংলাদেশিদের ই-পাসপোর্ট হাতে পেতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে বলে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য যাচাই ও প্রসেসিংয়ের কাজকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়।

দূতাবাস জানায়, সম্প্রতি ই-পাসপোর্টের চাহিদা অনেক বেড়েছে। আগে মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোলমেন্ট হতো, অথচ গত দেড় মাসেই ৬৫ হাজারের বেশি আবেদনকারীর বায়োমেট্রিক নেওয়া হয়েছে।

পোস্টের হিসাবে, এখন পর্যন্ত ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ হয়েছে এবং ২৫ হাজার ৪৬৭টি ছাপার পর্যায়ে রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরের ধাপে কাজ চলছে আরও ২১ হাজার ৬৭৮টির। দাম্মাম অঞ্চলে এখন ৯ দিনের একটি ক্যাম্পে ১৫ হাজার ২০০ আবেদনের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে।

দূতাবাস বলছে, ফিঙ্গারপ্রিন্টের পরের ধাপে অনেক আবেদনে তথ্যের ভুল, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যে গরমিল এবং একাধিক পাসপোর্টের জটিলতা ধরা পড়ছে। এসব যাচাইয়ে সময় লাগায় প্রবাসীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে দূতাবাস বলেছে, সেবা দ্রুত ও সহজ করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।