সৌদি আরবের আবহা শহরে নিজের বাসার কক্ষ থেকে সোহাগ রানা (৪২) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুর পর টানা তিন দিন মরদেহটি ঘরেই পড়ে ছিল। বৃহস্পতিবার বিকেলে মরদেহ উদ্ধারের পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পরিবার বিষয়টি নিশ্চিত করে।

সোহাগের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে। ১ নম্বর ওয়ার্ডের হাফেজ উল্যাহ মিয়ার বাড়ির বাসিন্দা বশির উল্যাহ তাঁর বাবা।

সৌদিপ্রবাসী মামাতো ভাই সৈয়দ রিগান জানান, ৭ বছরের বেশি সময় সৌদি আরবে আছেন সোহাগ, তার আগে ছিলেন দুবাইয়ে। কয়েক মাস ধরে তাঁর আকামা ছিল না, পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল; এগুলো নবায়নের চেষ্টায় থাকা সোহাগ এ নিয়ে হতাশায় ভুগছিলেন।

রিগানের ভাষ্য, সোমবার থেকে সোহাগ কাজে যাননি। প্রথম দিন সহকর্মীরা তাঁকে অসুস্থ ভেবেছিলেন; পরের দুই দিনও না আসায় কফিলকে জানানো হয়। কফিলসহ অন্যরা বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান এবং ডেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে মরদেহ দেখতে পান।

পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়। রিগান জানান, চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে স্ট্রোকে মৃত্যু হয়েছে। মরদেহ দেশে ফেরাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছে পরিবার।