রিয়াদে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন। রোববার (৬ সেপ্টেম্বর) দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রবাসীদের নানা সমস্যা, পাসপোর্ট জটিলতা, কনস্যুলার সেবা এবং সৌদি আইন মেনে চলার বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত জানান, দেশটির দূরবর্তী অঞ্চলে থাকা প্রবাসীদের কাছে সেবা পৌঁছাতে নিয়মিত কনস্যুলার টিম পাঠানো হচ্ছে। পাসপোর্ট সংকট কাটাতে ও দাপ্তরিক সরঞ্জামের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় চলছে বলেও জানান তিনি। কনস্যুলার ও পাসপোর্ট সেবা দ্রুত করতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শও চান তিনি।

সভায় প্রবাসীদের প্রতি সৌদি আরবের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়। প্রকাশ্য স্থান বা রাস্তায় স্থানীয় নিয়ম উপেক্ষা করে ছবি-ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়। আইন ভেঙে প্রবাসীরা যেন জটিলতায় না পড়েন, সে জন্য সচেতনতা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান রাষ্ট্রদূত।

মতবিনিময়ে দূতাবাসের প্রেস সচিব নুরুল আমিন এবং কাউন্সিলর ও হেড অব চ্যান্সারি (এইচওসি) রেজাউল ইসলামও উপস্থিত ছিলেন। রিয়াদের প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।