ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে চার বছর আগে নিখোঁজ হওয়া বাংলাদেশি নারী রওশন আরার খোঁজ আজও মেলেনি। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার জামালদি গ্রামের এই বাসিন্দার নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সালাহ উদ্দিন।

জানা গেছে, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর স্বামী শাহ জালালের সঙ্গে ওমরাহ করতে সৌদি আরবে যান রওশন আরা। মক্কায় কাবা শরিফে ওমরাহর আনুষ্ঠানিকতা চলার সময় হঠাৎ তিনি হারিয়ে যান।

মাকে খুঁজতে মক্কার অলিগলি থেকে হাসপাতাল, এমনকি মর্গেও ঘুরেছেন বলে জানান সালাহ উদ্দিন। মর্গে বহু অচেনা মরদেহ দেখেছেন, কিন্তু ‘কোথাও আমার মাকে খুঁজে পাইনি’। চার বছর ধরে মা কোথায়, কেমন আছেন জানা নেই, অনিশ্চয়তা আর কষ্টে কাটছে পরিবারের প্রতিটি দিন।

মায়ের সন্ধান পেতে তিনি সৌদিপ্রবাসী বাংলাদেশি এবং হজ ও ওমরাহ কাজে যুক্ত ব্যক্তিদের সহায়তা চেয়েছেন।