সৌদি আরবের রিয়াদে সিলেটের কোম্পানীগঞ্জের প্রবাসী মো. মতিউর রহমানকে (২৫) হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় ঘটনাটি ঘটে।
মতিউরের বাড়ি পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামে, বাবা আবদুস সালাম। পরিবার ও স্থানীয় প্রবাসীরা জানান, হারার এক বাসায় তিনি আরও তিনজনের সঙ্গে থাকতেন; কয়েক দিন আগে ঘুমানোর জায়গা ও রান্না নিয়ে তাঁদের কথা-কাটাকাটি হয়।
পরিবারের দাবি, সোমবার রাতে কাজ থেকে সবাই বাসায় ফিরলে পুরোনো বিরোধ নিয়ে আবার উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে এক রুমমেট রান্নার ছুরি দিয়ে মতিউরকে আঘাত করেন। গুরুতর আহত মতিউর পরে মারা যান; বাসার বাকি তিনজন ঘটনার পর সরে পড়েন বলে জানা গেছে।
ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, বিরোধের কথা মতিউর আগেই পরিবারকে জানিয়েছিলেন। সোমবার থেকে তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না, পরে ওই বাসার বাসিন্দা গ্রামেরই এক ব্যক্তি খবর দেন; মরদেহ এখন স্থানীয় একটি হাসপাতালের মর্গে।






