সৌদি আরবের রাজধানী রিয়াদে রান্না নিয়ে রুমমেটের সঙ্গে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে; কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মতিউরের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাঘারপাড় গ্রামে (পশ্চিম ইসলামপুর ইউনিয়ন), বাবার নাম আব্দুস সালাম। তিন মাস বয়সী এক ছেলের বাবা মতিউর চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবে যান এবং হারা এলাকায় রুমমেটদের সঙ্গে একটি বাসায় থাকতেন বলে জানান তাঁর ভাই সাইফুর রহমান।
সাইফুর রহমানের ভাষ্য, সোমবার বিকেলে রান্না নিয়ে এক রুমমেটের সঙ্গে মতিউরের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে ওই রুমমেট ছুরি চালালে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। পরিবারের দাবি, এরপর রুমমেটরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যান।
ফুফাতো ভাই খোকন এ মৃত্যুতে শোক জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
ওসি উছমান গনি বলেন, এভাবে এক প্রবাসীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন, তবে পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় যোগাযোগ করেননি। বিস্তারিত জানতে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।






