সৌদি আরবের জেদ্দায় ঘুমন্ত অবস্থায় মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রবাসী আব্দুল্লাহ আল ফয়েজ (২৭)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে জেদ্দায় নিজের বাসায় এ ঘটনা ঘটে।

ফয়েজ সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত আবু বক্করের ছেলে। মামা মোরশেদুল আলম চৌধুরী জানান, ফয়েজ ও তাঁর দুই ভাই মামুনুর রশিদ ও ফয়সাল জেদ্দায় বোরকার তিনটি দোকান চালাতেন।

মামার ভাষ্য, জুমার নামাজের জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে স্বজনেরা ফয়েজের কক্ষে ঢোকেন। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খালাতো ভাই মোহাম্মদ শাহেদ জানান, দুই দেশের আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানোর চেষ্টা চলছে।