সৌদি আরবের জেদ্দায় ২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনের ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলার চতুর্থ আসরে বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলা উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সেখানে মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা বলেন, দুই দেশের বাড়তে থাকা বাণিজ্যিক সম্পর্কের প্রেক্ষাপটে এ মেলায় বাংলাদেশের উপস্থিতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। উপস্থিত ছিলেন কাউন্সিলর (শ্রম) খন্দকার সেরাজুস সালেকীন, কনস্যুলার (কাউন্সিলর) এ এস এম সায়েম এবং তৃতীয় সচিব নুরুল আলম।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো ইটন ফ্যাশনস লিমিটেড, জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, মডেস্ট অ্যাটায়ার বাই জাহান, আলেয়া অ্যাপারেলস লিমিটেড, বেল বটম লিমিটেড, এম/এস এএইচকিউ অ্যাপারেলস, স্বপ্নীল হাউজ, বুনাম গার্মেন্টস লিমিটেড, মার্কার, সওদা ফ্যাশন এবং আল-নূর গার্মেন্টস লিমিটেড।

বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যৌথভাবে এ অংশগ্রহণের ব্যবস্থাপনা করছে। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন মাইলফলক যোগ করবে।

মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আধুনিক পোশাক, নিটওয়্যার, ফ্যাশনওয়্যার, টেক্সটাইল ও হস্তশিল্প প্রদর্শন করবে। সংশ্লিষ্টরা বলছেন, ভিশন ২০৩০ বাস্তবায়নের ধারায় সৌদি আরবে আন্তর্জাতিক মানের পোশাকের চাহিদা অনেক; তাই এ উপস্থিতি সৌদি বাজারে রপ্তানি বাড়ানো এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশি পোশাকের সুনাম ছড়াতে সহায়ক হবে।