সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে জেদ্দায় আয়োজিত এক বিশেষ সামাজিক সমাবেশে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা। গত ২২ সেপ্টেম্বর জেদ্দার ‘এগলন রেস্টুরেন্টে’ অনুষ্ঠানটির আয়োজন করে ড. সালেহ বাটারজির প্রতিষ্ঠিত ‘আহল জেদ্দা সোশ্যাল গ্যাদারিং’।
ব্যবসায়ী নেতা, বিশিষ্ট ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং কয়েকটি দেশের গণমাধ্যমকর্মীরা এতে যোগ দেন। হাইভ ওয়ার্কস ফাউন্ডেশনের পক্ষে অনুষ্ঠানে ছিলেন প্রতিনিধি মিসেস নওশিন আহমেদ, মহিউদ্দিন হাকামি ও ডক্টর সালেহ বেঁটার্জী।
বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে ছিলেন রফিকুল হক, আবেদা সুলতানা, মোহাম্মদ ফিরোজ, সাজিদুল ইসলাম ও হানিস সরকার উজ্জ্বল। সৌদি গণ্যমান্যদের পাশাপাশি ফিলিপিনো, পাকিস্তানি ও বাংলাদেশি গণমাধ্যমের প্রতিনিধিদেরও ডাকা হয়; উদ্দেশ্য ছিল দেশটিতে থাকা নানা দেশের প্রবাসীদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও সামাজিক সম্পর্ক বাড়ানো।
অতিথিরা দেশটির ঐতিহ্য, জাতীয় ঐক্য, উন্নয়ন ও সামনের পথচলা নিয়ে শুভেচ্ছা ও মত বিনিময় করেন। বাংলাদেশি সাংবাদিকরা সৌদি সরকার ও জনগণকে ৯৬তম জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, এমন আয়োজনে অংশ নিতে পারা প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দ ও গর্বের।






