সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে চার দিনের চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অর্থায়ন এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতায় এ মেলায় বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এক্সপোর উদ্বোধন করেন ইমাদ মোহাম্মদ আল আবউদ, যিনি জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ প্যাভিলিয়ন যৌথভাবে উদ্বোধন করেন কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন ও সৌদি ফেডারেশন অব চেম্বারের সদস্য ওসামা কোউকানদি।

উদ্বোধনে মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা ও কনসুলেটের অন্য কর্মকর্তারা ছাড়াও সৌদি ব্যবসায়ী ও আমদানিকারক, প্রবাসী ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পিরামিডস গ্রুপ আয়োজিত এবারের এক্সপোতে ২৫টির বেশি দেশ থেকে প্রায় ১০ হাজার ক্রেতা ও বাণিজ্য দর্শনার্থী আসছেন। ৫৫০টির বেশি বুথে বিশ্বের নামকরা কোম্পানিগুলো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পোশাক, ফ্যাশন ও টেক্সটাইল পণ্য তুলে ধরছে।

বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো আল নূর গার্মেন্টস লিমিটেড, সাওদা ফ্যাশন, মার্কার, বেল বটম লিমিটেড, বনুম গার্মেন্টস লিমিটেড, স্বপ্নীল হাউজ, ইতন ফ্যাশনস লিমিটেড, মডেস্ট আট্য্যায়ার বাই জাহান, এম এস এএইচ কিউ অ্যাপপেরেলস, আলেয়া এপারেলস লিমিটেড ও জাকারিয়া নিটওয়্যার লিমিটেড।

পাশাপাশি ইপিবির উদ্যোগে প্যাভিলিয়নে বাংলাদেশের ঐতিহ্য, মানসম্মত উৎপাদন ও রপ্তানিযোগ্য পণ্যের ওপর তথ্যচিত্র দেখানো হচ্ছে, যা বিদেশি ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ কাড়ছে। সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের বড় বাজারে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার বাড়াতে এবং নতুন ক্রেতা পেতে এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।