বিদেশি হজযাত্রীদের জন্য ২০২৭ সালের হজ মৌসুমে একটি সমন্বিত প্যাকেজ চালুর কথা জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর পর থেকে নিজ দেশে ফেরা পর্যন্ত বিভিন্ন সেবা থাকবে একটি ইলেকট্রনিক চুক্তির আওতায়।

সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, প্যাকেজটি মিলবে ইলেকট্রনিক প্ল্যাটফর্মে। এর প্রধান চারটি সেবা হলো পবিত্র স্থানগুলোর প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত ও খাবার; বাড়তি কিছু সুবিধা নেওয়ার সুযোগও থাকছে।

মন্ত্রণালয় বলছে, চুক্তির কাঠামো নির্দিষ্ট হলেও নমনীয় রাখা হয়েছে, যাতে বিদেশি হজবিষয়ক দপ্তরগুলো ভিন্ন ভিন্ন শ্রেণির হজযাত্রীর জন্য নিজস্ব কর্মসূচি সাজাতে পারে।

১৪৪৮ হিজরির হজ প্রস্তুতির অংশ এ উদ্যোগ দেশটির ‘ভিশন ২০৩০’ ও হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়ন কর্মসূচির লক্ষ্যের সঙ্গেও সংগতিপূর্ণ। এরই মধ্যে ৭৫টির বেশি দেশের হজ কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিচালন পরিকল্পনা, নিয়মকানুন ও শর্তাবলি খতিয়ে দেখছে মন্ত্রণালয়।

সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনার ডিজিটাল অবকাঠামোও বাড়িয়েছে সৌদি আরব। চুক্তি, কার্যক্রম ও ভিসার কাজ এখন মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মে এক ব্যবস্থায় হচ্ছে।