নিজের কাজের ভিসা চূড়ান্ত হওয়ার আগেই নির্দিষ্ট শর্তে পরিবারের সদস্যদের সৌদিতে নিতে পারবেন উচ্চদক্ষ বিদেশি কর্মীরা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৬ অক্টোবর) নতুন এ উদ্যোগের ঘোষণা দেয়।

কর্তৃপক্ষের ভাষ্য, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থাটি চালু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজ জানিয়েছে, যোগ্য কর্মীরা এর আওতায় স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে ও অবিবাহিত মেয়েদের আনতে পারবেন।

কর্মীর চাকরির ভিসার প্রক্রিয়া চলমান থাকতেই পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসার আবেদন জমা দেওয়া যাবে, তবে সব শর্ত পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। ফলে নিজের কর্মসংস্থান ভিসা শেষ হওয়ার অপেক্ষায় না থেকে কর্মী ও পরিবারের ভিসার কাজ একই সময়ে এগোবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদিতে ঢোকার পর প্রচলিত আইন ও বিধি মেনে পরিবারের সদস্যদের রেসিডেন্স পারমিট বা ইকামার প্রক্রিয়া সারা যাবে।

কর্তৃপক্ষ মনে করছে, এতে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের ভিসা পাওয়া ও পরিবার নিয়ে বসবাস সহজ হবে এবং সৌদিতে থাকা প্রবাসীদের জীবনমান উন্নত হবে।