প্রবাসীদের সমস্যা ও অধিকারের কথা তুলে ধরা এবং দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সদস্যদের সংবর্ধনা দিয়েছে রিয়াদভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। অনুষ্ঠানটি হয় সম্প্রতি, রিয়াদে।

প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এইচএম কেফায়েত উল্লাহ খান, প্রধান বক্তা ফোরামের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মো. আবুল বশির। সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম উদ্দিন দিদার; সঞ্চালনা করেন মেডিনোভা মেডিকেলের পরিচালক সাইফুল ইসলাম পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, প্রচার সম্পাদক শিহাব শাহীন, সহ-সাধারণ সম্পাদক এ কে আজাদ লিটন ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানসহ ফোরামের নেতারা। কার্যকরী সদস্যদের মধ্যে ছিলেন তানিয়া আহমেদ, আল আমিন বিন নান্নু, হারুনুর রশিদ, বুলবুল আহমেদ, গোলাম রুছুল ও মো. রাকিব। মেডিনোভার পরিচালক লিটন আব্দুল আজিজসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসে কর্মরত সাংবাদিকেরা কেবল খবর পরিবেশন করেন না; প্রবাসীদের সাফল্য, সমস্যা, সম্ভাবনা ও অধিকারের কথা দেশে-বিদেশে তুলে ধরতেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে সাংবাদিক মো. রাকিব আয়োজকদের ধন্যবাদ জানান এবং দেশটিতে থাকা অসহায় ও নিম্ন আয়ের প্রবাসীদের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার অনুরোধ করেন। জবাবে চেয়ারম্যান এইচএম কেফায়েত উল্লাহ খান জানান, টাকার অভাবে চিকিৎসা নিতে না পারা অসহায় প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেবে মেডিনোভা; প্রবাসী সাংবাদিকদেরও বিনা খরচে চিকিৎসা দেওয়ার কথা বলেন তিনি। তাঁর ভাষ্য, প্রবাসী সাংবাদিকেরা প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে কাজ করছেন, তাই তাঁদের পাশে থাকা নিজেদের দায়িত্ব।

শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিরা ফোরামের সদস্যদের সম্মাননা স্মারক দেন। পরে প্রতিষ্ঠানটির চলমান কাজ ও আগামী পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।