হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণ হারানো বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহম্মেদের মরদেহ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার রাতে ইউএস বাংলার যে ফ্লাইট ছাড়বে, তাতেই আসবে মরদেহ। শাহেদ বগুড়ার শাজাহানপুর থানার মাদলা গ্রামের বাসিন্দা।
১০ অক্টোবর বিকেলের ওই হামলায় নিহত ১৩ জনের মধ্যে আরও ছিলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ওমরাহযাত্রী মো. নাসরুল্লাহ বদরপুরি; আহত হন ২৭ বাংলাদেশি।
শাহেদের নিয়োগকর্তা সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি তাঁর বকেয়া বেতন-ভাতা আর সার্ভিস বেনিফিটের পাওনা হিসেবে রিয়াদ দূতাবাসের অ্যাকাউন্টে ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল, অর্থাৎ প্রায় ৯ লাখ টাকা জমা দিয়েছে। শিগগির তা পরিবারকে দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।






