দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে পরিচর্যা ও উন্নয়নের জন্য বিশেষ একটি প্রকল্প নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবি আয়োজিত প্রতিভা অন্বেষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগ ও শহর থেকে ভবিষ্যতের নাহিদ রানা, মারুফ মৃধা ও তাসকিন আহমেদদের খুঁজে বের করার এই উদ্যোগের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান তামিম।
বিশেষ করে পুরো কার্যক্রমে কোচদের পরিশ্রমের প্রশংসা করেন বিসিবি সভাপতি। তবে এবার নির্বাচিত ২০-২১ জন প্রতিযোগীর বাইরে যারা সুযোগ পাননি, তাদের জন্যও ছিল তাঁর বিশেষ বার্তা। হতাশ না হয়ে স্বপ্ন ধরে রাখার আহ্বান জানিয়ে তামিম বলেন, ‘আজকে হয়তো আপনারা এই ২০-২১ জনের মধ্যে একজন হতে পারেননি। কিন্তু কখনোই স্বপ্ন দেখা বন্ধ করবেন না। আগামী এক-দুই বছর পর আবারও এই আয়োজন হতে পারে, তখন আপনারা নির্বাচিত হতে পারেন। আবার এই ট্যালেন্ট হান্টের বাইরেও ভালো ক্রিকেটার হওয়ার অনেক সুযোগ রয়েছে।’
দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের এগিয়ে নিতে বিসিবি নতুন একটি প্রকল্প নিয়ে কাজ করছে জানিয়ে তামিম বলেন, ‘আমি এখনও পুরোপুরি প্রস্তুত নই, তবে এমন একটি ঘোষণা দেওয়ার খুব কাছাকাছি আছি, যেটি দেশের অনেক ক্রিকেটারের জন্য কাজে আসবে। বিসিবি ও আমি একটি প্রকল্প নিয়ে কাজ করছি। আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যে সেটি ঘোষণা করতে পারব। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় থাকা ক্রিকেটারদের আরও ভালোভাবে গড়ে তোলা সম্ভব হবে।’
নির্বাচিত ক্রিকেটারদের পরিচর্যার দায়িত্ব বিসিবি নেবে বলে জানান তামিম। তাঁদের এইচপি ইউনিটের অধীনে রেখে প্রশিক্ষণ, চিকিৎসা ও ম্যাচ খেলার সুযোগ নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘তাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য সবকিছুই গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষজ্ঞ, মেডিকেল দল কিংবা অন্য যেকোনো ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করব, তারা যেন যথাযথ পরিচর্যা পায়। আশা করি, পারফরম্যান্স দেখানোর জন্য তাদের একটি প্ল্যাটফর্মও দিতে পারব।’
তরুণ ক্রিকেটারদের দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন বিসিবি সভাপতি। এ প্রসঙ্গে বিসিবি ট্রফির উদাহরণ টেনে তিনি বলেন, ‘একমি টিমকে ধন্যবাদ জানাতে চাই, তারা এখান থেকে একজনকে বেছে নিয়েছে। বিসিবি ট্রফি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি উন্নয়নেরও অংশ। অন্য দলগুলোকেও উৎসাহিত করব, এমন প্রতিভাদের দ্রুত নিজেদের অধীনে নিয়ে তাদের গড়ে তুলতে এবং খেলার সুযোগ দিতে। তাহলে তারা আরও দ্রুত এগিয়ে যাবে।’
Source: জাগো নিউজ২৪






