টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতা এই স্প্যানিশ তারকা বুধবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের সমর্থক নাদাল ২০১৭ সালের মার্চ থেকে ক্লাবটির সম্মানসূচক সদস্য হিসেবে আছেন। এখন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিনি ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রমে অবদান রাখার সুযোগ পাচ্ছেন।
প্রস্তাব গ্রহণের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি প্রকাশ করেন নাদাল। ছবিটিতে তাঁকে ছোটবেলায় রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া বার্তায় ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান তিনি।
নাদাল লেখেন, ‘রিয়াল মাদ্রিদ ও পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর জন্য সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। আমি অত্যন্ত উৎসাহের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছি। এই দায়িত্ব থেকে যতটা সম্ভব শিখতে এবং অবদান রাখতে চাই।’
নাদালকে পরিচালনা পর্ষদে পাওয়াকে ক্লাবের জন্য বড় সম্মান হিসেবে দেখছে রিয়াল মাদ্রিদ। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘রিয়াল মাদ্রিদ এবং সব মাদ্রিদিস্তার জন্য এটি অপরিসীম সম্মানের বিষয় যে তার মতো ক্রীড়া ও মানবিক মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তিত্ব, স্পেন ও বিশ্ব ক্রীড়াঙ্গনের এক অনুকরণীয় চরিত্র, আমাদের পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন। এই দায়িত্বের মাধ্যমে তিনি ক্লাবের বর্তমান ও ভবিষ্যতে অবদান রাখবেন।’
নাদালের ক্রীড়া অর্জনের পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব ও মূল্যবোধেরও প্রশংসা করেছে স্প্যানিশ ক্লাবটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘নাদালের ক্রীড়া ক্যারিয়ার কিংবদন্তিতুল্য। তবে তার ব্যক্তিত্ব অর্জনের চেয়েও অনেক বড়। প্রতিভা, ক্রমাগত উন্নতির চেষ্টা, ত্যাগ স্বীকারের মানসিকতা, প্রতিযোগিতামূলক মনোভাব, বিনয়, প্রতিপক্ষ ও সতীর্থদের প্রতি সম্মান এবং সহমর্মিতা তাকে কোর্টের ভেতরে ও বাইরে অনুকরণীয় করে তুলেছে।’
ক্লাবটির মতে, এসব মূল্যবোধ রিয়াল মাদ্রিদের পরিচয়ের অংশ। নাদাল তাঁর পুরো ক্রীড়া জীবনে এসব মূল্যবোধ ধারণ ও প্রতিনিধিত্ব করেছেন। এ কারণে বিশ্বের লাখো মানুষের কাছে তিনি অনুপ্রেরণার নাম।
২০২৪ সালে পেশাদার টেনিস থেকে অবসর নেন ৪০ বছর বয়সী নাদাল। তাঁর ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা, যার মধ্যে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন। এ ছাড়া ৩৬টি মাস্টার্স শিরোপা ও দুটি অলিম্পিক সোনাও জিতেছেন তিনি।
তবে পরিচালনা পর্ষদে নাদালের নিয়োগ চূড়ান্ত হতে রিয়াল মাদ্রিদের সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদে তাঁর নিয়োগের বিষয়টি অনুমোদনের জন্য তোলা হবে।
Source: জাগো নিউজ২৪






