বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাঁকে এক মাসের জন্য এই দায়িত্ব দিয়েছে।

সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে দলকে প্রস্তুত করবেন মারে। প্রধান কোচ পিটার বাটলার অনুপস্থিত থাকায় আপাতত দলের দায়িত্ব সামলাবেন তিনি।

বাফুফে জানিয়েছে, গুরুতর অসুস্থতার কারণে বর্তমানে ইংল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন বাটলার। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সুস্থ হয়ে তিনি শিগগিরই দলের সঙ্গে আবার যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছে বাফুফে।

ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। গত এশিয়ান গেমসে ভরাডুবির পর এটি হবে দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪