ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংসেই উইকেট ছুড়ে দিয়ে আউট হয়েছিলেন তাওহীদ হৃদয়। সেই ব্যর্থতার পর তাঁকে নিয়ে বিস্তর সমালোচনা হয়। তবে কয়েক দিনের ব্যবধানে সিলেটে রেকর্ড গড়া একটি ডাবল সেঞ্চুরি করে সেই সমালোচনার জবাব দিয়েছেন এই ব্যাটার।
রোববার সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ক্রিকেটে সমালোচনা নতুন কিছু নয়। ভালো খেললে যেমন প্রশংসা আসে, তেমনি খারাপ খেললে প্রশ্ন ওঠে—এটাই স্বাভাবিক। তবে এক-দুই ইনিংসের পারফরম্যান্স দেখে একজন ক্রিকেটারকে মূল্যায়ন করার পক্ষে তিনি নন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৪২ রানে অপরাজিত ছিলেন হৃদয়। এর আগে মিরপুর টেস্টে তাঁর পারফরম্যান্স ঘিরে যে সমালোচনা হয়েছিল, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে সেই প্রসঙ্গেই কথা বলেন তিনি।
সমালোচনাকে তিনি নেতিবাচকভাবে দেখছেন না। বরং সঠিকভাবে গ্রহণ করতে পারলে সমালোচনা থেকেও শেখার সুযোগ রয়েছে বলে মনে করেন হৃদয়। তিনি বলেন, ‘যেদিন আমরা ভালো করি, সেদিন আপনারাই (সাংবাদিকরা) আমাদের জন্য সবসময় কথা বলেন, ইতিবাচক কথা বলেন। যেদিন খারাপ করব, সেদিন আপনারাই (সমালোচনা) করবেন, এটাই খুব স্বাভাবিক। আমার কাছে মনে হয়, সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে, যদি সেটা আমি সঠিকভাবে চিন্তা করি।’
তবে পারফরম্যান্স মূল্যায়নে ধারাবাহিকতাকে গুরুত্ব দেওয়ার পক্ষে তিনি। হৃদয়ের ভাষায়, ‘একদিন-দুই দিনের পারফরম্যান্স দেখে কাউকে কখনো বিচার করাটা ঠিক না। অবশ্যই সমালোচনা করবেন, যদি আমরা ভুল করি। কিন্তু একটা-দুইটা ইনিংসে নয়। একই ভুল যদি ধারাবাহিকভাবে হতে থাকে, তখন সমালোচনা করা ভালো।’
Source: জাগো নিউজ২৪






