দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত হয়েছিল প্রায় এক সপ্তাহ আগেই। সেই তালিকায় মাহমুদুল হাসান জয়ের নাম ছিল নিশ্চিতভাবেই। কিন্তু এক দিনের ব্যবধানে পরিস্থিতি বদলে গেল—চোটের কারণে জয়কে ছাড়াই সফরে যেতে হচ্ছে জাতীয় দলকে। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন নাঈম শেখ, যিনি প্রায় চার বছর পর আবার টেস্ট দলে ফিরলেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সোমবার ম্যাচের শেষ দিনে লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি প্রথমে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের নাম ঘোষণা করেন; এরপর তৃতীয় নাম হিসেবে নাঈম শেখের নাম বলতেই সংবাদ সম্মেলন কক্ষে বিস্ময় ছড়িয়ে পড়ে। কারণ, আগের কয়েক দিন ধরেই আলোচনা চলছিল যে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন মাহফুজুল ইসলাম রবিন ও মাহমুদুল হাসান জয়—মূলত এই দুটি পরিবর্তনই হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে দল ঘোষণার সময় জানা গেল, জয় নন, দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন নাঈম শেখ।
কিছুক্ষণ পরেই প্রধান নির্বাচক নিশ্চিত করেন, জয়েরই দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল; কিন্তু আচমকা চোটের কারণে দলে ফেরার আগেই তিনি ছিটকে পড়েছেন। এ সুযোগেই ২০২২ সালে একমাত্র টেস্ট খেলা নাঈম শেখের আবার দলে ফেরার পথ খুলে গেল।
হাবিবুল বাশার সুমন সাংবাদিকদের বলেন, ‘দুর্ভাগ্যবশত, মেডিকেল টিম থেকে কাল (রোববার) বিকেলেই জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজে জয় খেলতে পারবেন না। এ কারণে তাকে রাখা যায়নি।’
শেষ মুহূর্তে জয় ছিটকে পড়লেও নির্বাচকদের খুব একটা সমস্যায় পড়তে হয়নি। চলতি জাতীয় ক্রিকেট লিগে নাঈম শেখ দুর্দান্ত ফর্মে আছেন। ৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ১টি ফিফটিতে তিনি ৬১২ রান করেছেন, যার মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরিও। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন নাঈম। সেখানে কোনো ফিফটি না পেলেও ৩০ ও ৩৪ রানের দুটি ইনিংস খেলেছিলেন তিনি।
রান কম হলেও তাঁর ব্যাটিং দেখে সন্তুষ্ট প্রধান নির্বাচক। হাবিবুল বাশার সুমন বলেন, ‘আর নাঈম শেখকে আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় (এ দলের সিরিজে) পাঠিয়েছিলাম। সেখানে তাকে বেশ ভালো মনে হয়েছে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটেও দারুণ ব্যাটিং করছে সে। (দ্বিতীয়) সর্বোচ্চ রান সংগ্রাহকও নাঈম। তাকে আমরা আগেও দেখেছি, তবে দক্ষিণ আফ্রিকা সফর এবং সাম্প্রতিক সময়ে প্রথম শ্রেণির পারফরম্যান্স বিবেচনায় মনে হয়েছে, সে এখন খুব ভালো ফর্মে আছে। সে কারণেই নাঈম শেখকে দলে নেওয়া হয়েছে।’
২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে আরেকজনের চোটে অভিষেক হয়েছিল নাঈমের। চার বছর পর আবারও তিনি ফিরলেন আরেকজনের চোটে। নাঈমকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ‘আমি একটা বিষয় দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যত পরিকল্পনাই করি না কেন, শেষ পর্যন্ত খেলোয়াড়কে পারফরম্যান্স দিয়ে তার জবাব দিতে হবে। আপনি যেটাকে ব্যাকআপ বলছেন, অনেক ক্রিকেটারই এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। টেস্ট ম্যাচের একটা উদাহরণ দিই। এই ম্যাচে মুমিনুল হক খেললে তাওহীদ হৃদয়ের সুযোগ হতো না। কিন্তু হৃদয় সেই সুযোগ দুই হাতে কাজে লাগিয়েছে। তাই অনেক কিছুই ব্যক্তির ওপর নির্ভর করে।’
অন্যদিকে, গত কয়েকটি সিরিজের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি সৌম্য সরকার। এবার স্কোয়াডেও জায়গা মেলেনি তাঁর। মূলত জাতীয় ক্রিকেট লিগে তাঁর ব্যাটিং নির্বাচকদের পছন্দ হয়নি; ৩ ইনিংসে তিনি করেছেন মাত্র ৩১ রান।
হাবিবুল বাশার সুমন বলেন, ‘সৌম্য সরকারকে আমরা ওপেনার হিসেবে দলে নিয়েছিলাম; কিন্তু তাকে সেই সুযোগ দিতে পারিনি, এটা আমিও স্বীকার করছি। তবে এই মুহূর্তে সৌম্যর ফর্ম নিয়েও আমরা কিছুটা চিন্তিত। (আফগানিস্তান) টেস্ট সিরিজ থেকে ফেরার পর আমরা আশা করেছিলাম, সে প্রথম শ্রেণির ক্রিকেটে রান করবে। কিন্তু সেখানে তার কাছ থেকে খুব একটা রান পাইনি। তাকে অবশ্যই দলে নিতে পারতাম, যেহেতু আগেও নিয়েছিলাম; কিন্তু সুযোগ দিতে না পারার পাশাপাশি বর্তমান ফর্ম বিবেচনায়ও আমরা খুব একটা সন্তুষ্ট নই। অন্যদিকে, নাঈম শেখকে এখন ভালো ফর্মে মনে হচ্ছে। তাই এই মুহূর্তে আমরা তাকে কাজে লাগাতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সপ্তাহে মিরপুর টেস্টে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল হক সৌরভ। তাঁর জায়গায় কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন জাকের আলী। এরপর আইনের জটিলতায় সিলেট টেস্টে মুমিনুলের খেলা হয়নি। তাঁর জায়গায় স্কোয়াডে ফেরা অমিত হাসানও ছিলেন একাদশের বাইরে। দক্ষিণ আফ্রিকা সিরিজেও অমিতের জায়গা হয়নি।
অমিতকে না রাখার ব্যাখ্যায় জাকের আলীকে এগিয়ে রেখেছেন প্রধান নির্বাচক: ‘অমিতকে আমরা মূলত ব্যাকআপ উইকেটকিপার হিসেবে দলে নিয়েছিলাম। এই টেস্টে তাকে বাড়তি ব্যাটার হিসেবেও বিবেচনায় রাখা হয়েছিল। তবে আমাদের দলে জাকের আলী আছে। ব্যাটিং অর্ডার দেখলে বোঝা যাবে, সাত নম্বর পর্যন্ত ব্যাটারদের খুব একটা সুযোগ হচ্ছে না। সে কারণে জাকের আলী থাকায় অমিতের খেলার সুযোগ হয়নি।’
Source: জাগো নিউজ২৪






