সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্য আরও একবার প্রমাণিত হলো। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে টানা দশমবারের মতো ফাইনালে জায়গা করে নিল সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়ন ভারত।
প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ভারত। বিরতির পর ভুটান একটি গোল শোধ করলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।
এটি সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। আগের ১৪ আসরের মধ্যে ভারত মাত্র একবার ফাইনালে উঠতে পারেনি। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। বাকি সব আসরেই ফাইনাল খেলেছে দলটি।
ভারত-ভুটান ম্যাচে ব্যবহৃত হয়েছিল আধুনিক প্রযুক্তি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। প্রযুক্তিটির কারণে দুটি সিদ্ধান্তই গিয়েছিল ভুটানের পক্ষে। একবার অফসাইডের কারণে বাতিল হওয়া গোল ফিরে পায় ভুটান। অন্যদিকে ভারতের পাওয়া একটি পেনাল্টির সিদ্ধান্তও ভিএআর পর্যালোচনায় বাতিল হয়।
ম্যাচের নবম মিনিটে পুথিয়া ভালাপ্পির গোলে এগিয়ে যায় ভারত। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনসাম সিং। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভারত।
বিরতির পর ৪৮ মিনিটে চেনচোর ক্রসে হেড করে গোল করেন তাশি টবডেন। শুরুতে অফসাইডের কারণে ওই গোল বাতিল হলেও ভিএআর পর্যালোচনায় রেফারি সিদ্ধান্ত বদল করেন। ফলে ব্যবধান ২-১ হয়ে ম্যাচে ফেরার আশা জাগে ভুটানের।
৮৪ মিনিটে ভারতের সুহাইল বাট বাম দিক দিয়ে দুই প্রতিপক্ষকে কাটিয়ে বক্সের কোণা থেকে দারুণ শট নেন, তবে তা ক্রসবারে বাধা পায়। যোগ করা সময়ের শেষ দিকে আরও দুটি সুযোগ পেয়েছিল ভুটান, কিন্তু বদলি খেলোয়াড় তেনজিন সহজ দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে ভুটানের স্বপ্নভঙ্গ হয় এবং ফাইনালের টিকিট পায় ভারত।
Source: জাগো নিউজ২৪






