একসময় দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র ছিল আবাহনী ক্লাব প্রাঙ্গণ। সাবেক খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও ক্রীড়া সংগঠকদের পদচারণায় মুখর থাকত আকাশি-নীলদের ক্লাবটি। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঐতিহ্যবাহী এই ক্লাবটি অনেকটাই ছন্দ হারায়। খেলাধুলার কার্যক্রম চালু থাকলেও ক্লাবটিতে আগের সেই প্রাণচাঞ্চল্য আর নেই; নিয়মিত আড্ডা, পরিচিত মুখগুলোর আনাগোনা—সবকিছুতেই যেন ভাটা পড়েছে।
সেই হারানো প্রাণ ফিরিয়ে আনতেই এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সাবেক ফুটবলাররা। মাঠের লড়াইয়ে আবাহনী-মোহামেডান মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু এবার সেই প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে আবাহনী ক্লাবকে আবারও জমজমাট করে তুলতে পাশে দাঁড়াচ্ছেন মোহামেডানের সাবেক ফুটবলাররা। আর্থিক সহায়তা নয়, ফুটবল দিয়েই আবাহনীর পাশে দাঁড়ানোর পরিকল্পনা তাঁদের।
এ উপলক্ষে মোহামেডান ও আবাহনীর সাবেক ফুটবলারদের মধ্যে আয়োজন করা হয়েছে একটি প্রীতি ফুটবল ম্যাচ। আগামী ১৯ নভেম্বর বিকেল ৩টায় আবাহনী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর মধ্য দিয়ে সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনের পাশাপাশি ক্লাবের কর্মকর্তা, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আবারও ক্লাবমুখী করার প্রত্যাশা আয়োজকদের।
মোহামেডানের সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকীব এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, ‘ক্লাবটি অনেকটা নীরব হয়ে আছে। আমরা যদি একটি ম্যাচ খেলি, সে উপলক্ষে তাদের অনেক কর্মকর্তা-খেলোয়াড় ও সমর্থকরা আসবেন বলে আশা করছি।’
আবাহনীর সাবেক ফুটবলার কাজী নজরুল ইসলামের কণ্ঠেও একই প্রত্যাশা। তিনি বলেন, ‘আমরা চাই এই ম্যাচ ঘিরে একটা মিলনমেলা হোক ক্লাবে। আবাহনীর সাবেক ফুটবলারই নয়, অন্য খেলার সাবেকদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসলে ক্লাবে আবার জমজমাট অবস্থা ফিরে আসবে।’
সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপের প্রচারণার অংশ হিসেবেও অনুষ্ঠিত হয়েছিল সাবেক ফুটবলারদের একটি প্রীতি ম্যাচ। সেখানে মুখোমুখি হয়েছিল ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দল ও ২০১০ সালের এসএ গেমস চ্যাম্পিয়ন ফুটবল দল। দুই দলের হয়ে খেলেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ঘরোয়া ফুটবলে আবাহনী ও মোহামেডান—দুই দলের হয়েই খেলেছেন সাবেক এই তারকা গোলরক্ষক। আগামী ১৯ নভেম্বরের প্রীতি ম্যাচেও থাকছেন তিনি। এবারও দুই অর্ধে দুই দলের হয়ে খেলবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আবাহনী-মোহামেডানের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা এবার রূপ নিচ্ছে সৌহার্দ্যের মিলনমেলায়। সাবেক ফুটবলারদের এই উদ্যোগের মধ্য দিয়ে শুধু একটি প্রীতি ম্যাচই নয়, আবাহনী ক্লাবের হারানো প্রাণচাঞ্চল্যও ফিরে আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Source: জাগো নিউজ২৪






