দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন মাহফিজুল ইসলাম রবিন। অভিষিক্ত ব্যাটারকে প্রথম বল খেলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট। তবে দিনশেষে সেই আলোচনার জবাব দিয়েছেন দলের অভিজ্ঞ ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথম বলটি খাওয়ার ইচ্ছা মাহফিজুল নিজেই প্রকাশ করেছিলেন।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো ওপেনারের অভিষেকে প্রথম বলেই আউট হওয়ার নজির প্রথমবার গড়েছেন মাহফিজুল। এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, অভিজ্ঞতায় এগিয়ে থাকা তানজিদ কেন নিজে প্রথম বলটি খেললেন না? দলের পরিকল্পনায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণই বা কী?

সংবাদ সম্মেলনে তানজিদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিষয়টি কোনো একতরফা সিদ্ধান্ত ছিল না। ম্যাচের আগের দিনই এ নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছিল। তানজিদ জানিয়েছেন, তিনি নিজেই মাহফিজুলকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি স্ট্রাইক নেবেন কি না অথবা মাহফিজুল নিজে স্ট্রাইক করতে চান কি না। জবাবে মাহফিজুল তাঁকে স্পষ্টভাবে জানান, অভিষেক ম্যাচে তিনি স্ট্রাইক নিতে চান।

সাধারণত প্রথম বল খেলার দায়িত্ব নিজের কাঁধে রাখেন তানজিদ। তবে এবার সতীর্থের চাওয়াকে গুরুত্ব দিয়েছেন তিনি। তানজিদ বলেন, ‘রবিনের (মাহফিজুল) বিষয়ে যেটা বললেন, কালকে ওর সঙ্গে আমার আলোচনা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে, আমি স্ট্রাইক নেব কি না বা ও স্ট্রাইক করতে চায় কি না। তবে ও একদম আমাকে বলেছিল যে, ও স্ট্রাইক নিতে চায় অভিষেক ম্যাচে। সেজন্যই আসলে ওকে স্ট্রাইকটা দেওয়া, কারণ সাধারণত আমিই করি। তবে যেহেতু কমফোর্টেবল বলছিল, সেহেতু ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল।’

অভিষেকের মুহূর্তটি মাহফিজুলের জন্য অবশ্য অন্য কারণেই স্মরণীয় হয়ে থাকবে। ইনিংসের প্রথম বলেই শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।

তবে একটি ব্যর্থ শুরুর ভিত্তিতে তরুণ ব্যাটসম্যানের সামর্থ্য বিচার করতে রাজি নন তানজিদ। তাঁর মতে, ক্রিকেটে এমন ঘটনা ঘটতেই পারে। বড় ক্রিকেটারদের ক্যারিয়ারেও অভিষেকে শূন্য রানে ফেরার নজির রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মাহফিজুলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তানজিদ বলেন, ‘এটা আসলে হতেই পারে, এটা ক্রিকেটেরই অংশ। আমার কাছে মনে হয়, অনেক বড় ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখবেন, তাদের অনেকে অভিষেক ম্যাচে এরকম শূন্য রানে আউট হয়ে গেছে। আমি আশা করবো এখান থেকে সে কিংবদন্তি হবে।’

তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস

Source: জাগো নিউজ২৪