ক্রিকেটের সঙ্গে শচিন টেন্ডুলকারের সম্পর্ক শুরু হয়েছিল শৈশবেই—আর সেই শুরুর স্মৃতি আজও যত্নে আগলে রেখেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেকের ৩৭ বছর পূর্তিতে শৈশবের একটি বিখ্যাত ছবি ফের সামনে এনে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ছবির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো—শৈশবে যে ব্যাট হাতে ছবিটি তোলা হয়েছিল, ৪৯ বছর পরও সেটি তাঁর কাছেই আছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করে ৫৩ বছর বয়সী শচিন লেখেন, ‘পেহলে ব্যাট কি বাত হ্যায়, ৪৯ সাল বাদ ভি মেরে সাথ হ্যায়!’ এর অর্থ, ‘প্রথম ব্যাটের কথা, ৪৯ বছর পরও আমার সঙ্গে আছে!’
অভিষেক যেদিন, বয়স তখন ১৬
১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন শচিন। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সবচেয়ে কম বয়সী ভারতীয় ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক করে সেই রেকর্ড ভেঙেছেন বৈভব সূর্যবংশী।
পরিচিত সেই ছবি
শচিনের ক্রিকেটজীবনের শুরুর দিকের একটি ছবি বহুদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত। লম্বা চুল, হাতে ব্যাট—বল মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন ছোট্ট শচিন। ছবিটি যেন তাঁর দীর্ঘ ক্রিকেটযাত্রার সূচনাই তুলে ধরে। সেই কিশোরই পরবর্তী সময়ে হয়ে উঠেছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার।
রেকর্ডে ভরা ক্যারিয়ার
শচিনের আন্তর্জাতিক ক্যারিয়ার রেকর্ডে ভরা। টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে এখনো সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি।
টেস্ট ক্রিকেটে ২০০ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান, এই সংস্করণে তাঁর সেঞ্চুরি ৫১টি। টেস্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাঁর দখলে। ৩০০ ইনিংসে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করে দ্রুততম এই কীর্তির মালিকও হয়েছিলেন তিনি।
ওয়ানডেতে ৪৬৩ ম্যাচ খেলে শচিনের সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান। ৪৪.৮৩ গড়ের এই যাত্রায় সেঞ্চুরি করেছেন ৪৯টি, ফিফটি ৯৬টি। ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি পেতে তাঁকে অপেক্ষা করতে হয়েছিল ৭৯ ম্যাচ। ক্যারিয়ারের শুরুতে মিডল অর্ডারে ব্যাট করলেও পরে ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ওয়ানডে ক্রিকেটে ওপেনিংয়ের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতেও ভূমিকা রেখেছেন তিনি।
বিশ্বকাপে অনন্য অর্জন
বিশ্বকাপেও শচিনের অর্জন অনন্য। ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ৪৫ বিশ্বকাপ ম্যাচে ৫৬.৯৫ গড়ে করেছেন ২ হাজার ২৭৮ রান, রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।
‘মাস্টার ব্লাস্টার’ কিংবা ভক্তদের দেওয়া যে কোনো নামেই ডাকা হোক, শচিনের অর্জনের তালিকা দীর্ঘ। তবে এতসব রেকর্ডের ভিড়েও তাঁর কাছে বিশেষ হয়ে আছে শৈশবের সেই প্রথম ব্যাট। ৪৯ বছর পরও সেটি নিজের কাছে রেখে পুরোনো স্মৃতির সঙ্গে যেন নতুন করে দেখা করলেন ক্রিকেটের এই কিংবদন্তি।
Source: জাগো নিউজ২৪






