দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ২৪ বছরের ইতিহাসে ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার ১৪টিতেই হার, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। প্রোটিয়াদের মাটিতে আটবার নেমে আটবারই হেরেছে বাংলাদেশ। এবার সেই ধারাই ভাঙার চ্যালেঞ্জ নিয়ে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আজ শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

পরিসংখ্যান বলছে, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই কেবল জয় নেই বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত আটটি সিরিজ খেলেছে বাংলাদেশ। সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের মাটিতেও জয় পেয়েছিল প্রোটিয়ারা।

সব মিলিয়ে ৭৩টি টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র আটটিতে, হেরেছে ৬০টিতে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর কঠিন এই সফরে এসেছে দল।

তবে পরিসংখ্যানের ভার মাথায় নিয়ে মাঠে নামতে রাজি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং দলের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন তিনি। ম্যাচের আগে শান্ত বলেন, ‘আমার তো অনেক বিশ্বাস আছে। বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। পুরো দল বিশ্বাস করে যে আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো।’

এই সিরিজে বাংলাদেশের ব্যাটারদের বড় পরীক্ষা অপেক্ষা করছে। স্বাগতিকদের পেস আক্রমণে রয়েছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, আনরিখ নরকিয়া ও ডেন প্যাটারসনের মতো বোলার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতিতে পর্যাপ্ত সময়ও পায়নি বাংলাদেশ।

তবে পেশাদার ক্রিকেটার হিসেবে দ্রুত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন অধিনায়ক। তিনি বলেন, ‘সত্যি বলতে, এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুত করার জন্য আমরা খুব একটা সময় পাইনি। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সবাইকে এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং আমরা সবাই জানি যে এটা কঠিন।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাবেও গুরুত্বপূর্ণ এই সিরিজ। আট ম্যাচে তিন জয়ে ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম। অন্যদিকে সাত টেস্টে পাঁচ জয়ে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এই চক্রে বাংলাদেশের বাকি চার টেস্টের মধ্যে এটিই প্রথম সিরিজ।

Source: জাগো নিউজ২৪