আর্জেন্টিনার ফুটবলে নতুন প্রজন্মের প্রতিভা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সেই আলোচনার মধ্যে কোমোর অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজকে নিয়ে বড় মন্তব্য করেছেন এস্তুদিয়ান্তেস লা প্লাতার সভাপতি ও সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন।

লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেরন বলেছেন, ২২ বছর বয়সী পাজের ফুটবলীয় সামর্থ্যে তিনি মুগ্ধ। পাজের মধ্যে লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার মতো প্রতিভার ঝলক দেখছেন বলেও জানান তিনি।

পাজের সামর্থ্য নিয়ে ভেরন বলেন, ‘২২ বছর বয়সে মেসি এবং একজন দিয়েগো আরমান্দো ম্যারাডোনা ছাড়া কাউকে এমন কিছু করতে দেখিনি।’

সরাসরি তুলনায় অনীহা

তবে মেসি ও ম্যারাডোনার সঙ্গে সরাসরি তুলনা করতে চাননি ভেরন। তাঁর মতে, ওই দুজনের উচ্চতায় পৌঁছানো মানে অসাধারণ একজন ফুটবলার হয়ে ওঠা, যিনি একটি যুগকে সংজ্ঞায়িত করতে পারেন। তবে পাজের মধ্যে সেই সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি।

ভেরনের ভাষায়, ‘সে যদি এখন যেভাবে পেশাদার আচরণ করছে, সেটা ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যৎ তারই।’

পাজের খেলার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বলে উল্লেখ করেন ভেরন। তাঁর কথায়, প্রতিপক্ষের মার্কিংয়ের মধ্যেও সতীর্থরা বারবার পাজের কাছে বল পাঠান। কারণ, তাঁরা বিশ্বাস করেন, পাজ প্রতিপক্ষকে কাটিয়ে কঠিন পরিস্থিতি থেকে সমাধান বের করতে পারবেন।

পাজের কিছু ফুটবলীয় দক্ষতা এতটাই স্বাভাবিক ও সহজাত যে সেগুলো আলাদা করে নজর কাড়ে বলে জানান ভেরন। তিনি পাজকে শুধু প্রতিভাবান খেলোয়াড় নয়, বরং একজন ফুটবল নেতা হিসেবেও দেখছেন। মাঠে অবস্থান নেওয়া, খেলা পড়তে পারা, কখন গতি বাড়াতে হবে কিংবা কখন খেলার নিয়ন্ত্রণ নিতে হবে—সবকিছুতেই পাজের দক্ষতা আছে বলে মনে করেন তিনি।

নিজের খেলার সঙ্গে তুলনা টেনে ভেরন বলেন, ‘আমি স্বীকার করছি, নিকো পাজ অনেকটা ভেরনের মতো, তবে ২০ মিটার এগিয়ে। সে স্বাধীনভাবে শট, গোল, অ্যাসিস্ট কিংবা থ্রু পাসের জন্য জায়গা খুঁজে নিতে পারে।’

কঠিন ম্যাচেই প্রমাণিত প্রতিভা

কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়েও পাজের পারফরম্যান্স নিয়ে খুব বেশি মাতামাতি করতে চাননি ভেরন। তাঁর মতে, পাজের প্রতিভা আরও কঠিন ম্যাচে, বিশেষ করে ইতালির সিরি আ-তে প্রমাণিত হয়েছে। প্রতিপক্ষ কতটা শক্তিশালী, সেটির ওপর নির্ভর করে একজন খেলোয়াড়ের মান বিচার করা উচিত নয় বলেও মনে করেন তিনি।

তরুণদের ঘিরে অযৌক্তিক প্রত্যাশা তৈরি না করার বিষয়েও সতর্ক করেছেন ভেরন। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মতো তিনিও মনে করেন, নতুন প্রতিভাদের বেড়ে ওঠার জন্য সময় ও ধৈর্য প্রয়োজন। ম্যারাডোনার সঙ্গে তুলনা করতে গিয়ে অতীতে অনেক প্রতিভাবান প্লেমেকারের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে ওমর সিভোরির সঙ্গেও অনেককে তুলনা করা হতো বলে জানান ভেরন।

তাঁর পরামর্শ, ‘তাদের শান্তি, ধৈর্য এবং কিছুটা ভাগ্য দরকার।’

মাস্তানতুয়োনোও ভবিষ্যতের প্রতিভা

নিকো পাজের পাশাপাশি ফিওরেন্তিনায় খেলা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও ভবিষ্যতের প্রতিভা হিসেবে দেখছেন ভেরন। তাঁর গতি, ড্রিবলিং, কারিগরি দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রশংসা করেছেন তিনি। তবে পাজের তুলনায় মাস্তানতুয়োনো এখনো বিকাশের প্রাথমিক পর্যায়ে আছেন বলে মনে করেন ভেরন। দুজনের বয়সের পার্থক্যও এর কারণ বলে তিনি উল্লেখ করেন। মাস্তানতুয়োনো ২০০৭ সালে জন্ম নেওয়ায় পাজের চেয়ে তিন বছরের ছোট।

আর্জেন্টিনার ভবিষ্যৎ জাতীয় দল নিয়েও আশাবাদী ভেরন। মেসি-পরবর্তী সময়ে নিকো পাজ ও মাস্তানতুয়োনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তিনি।

ভেরনের কথায়, ‘আমরা ১০ নম্বরের দেশ। এই দুই তরুণ আমাদের বড় স্বপ্ন দেখাতে পারে। তবে তাদের নিজেদের মতো করে বেড়ে উঠতে দিতে হবে।’

তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস

Source: জাগো নিউজ২৪