একসময় মোহামেডান-আবাহনী ম্যাচ মানেই গ্যালারিতে অন্যরকম উত্তেজনা। দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবলারদের কাছে দুই ক্লাবই ছিল ভালোবাসা ও গর্বের জায়গা। সময়ের পরিক্রমায় সেই উত্তাপ অনেকটাই কমেছে; তবে স্মৃতির পাতায় এখনো অমলিন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।
সেই সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে আনতে বৃহস্পতিবার আবাহনী মাঠে এক ব্যতিক্রমী প্রীতি ম্যাচে মুখোমুখি হন মোহামেডান ও আবাহনীর সাবেক ফুটবলাররা। ম্যাচটির বিশেষ আকর্ষণ ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একসময় দুই ক্লাবের হয়েই মাঠ মাতিয়েছেন এই সাবেক গোলরক্ষক। পুরোনো ভালোবাসার টানে আজও দুই দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি—যেন নিজের ফুটবল জীবনের স্মৃতিগুলো আবার একটু ছুঁয়ে দেখলেন।
ম্যাচ শেষে মোহামেডান ও আবাহনীকে ঘিরে নিজের আবেগের কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন আমিনুল। তাঁর কাছে এই দুই ক্লাব কেবল দুটি প্রতিদ্বন্দ্বী দল নয়, বাংলাদেশের ফুটবলের ঐতিহ্য ও ইতিহাসের অংশ। যে দুই ক্লাবের লড়াই ঘিরে একসময় গোটা দেশ মেতে উঠত, সেই দুই ক্লাবের সাবেক খেলোয়াড়দের একসঙ্গে মাঠে নামার মুহূর্তটিকে বিশেষভাবে দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘মোহামেডান ও আবাহনীর মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে ঘিরেই বাংলাদেশের ফুটবলের সমৃদ্ধ ইতিহাস। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে ফুটবলের শিকড়ে যেতে হবে, নতুন প্রজন্মের জন্য তৈরি করতে হবে খেলোয়াড় গড়ার পরিবেশ।’
শুধু স্মৃতিচারণেই থেমে থাকেননি আমিনুল। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও জানিয়েছেন তাঁর পরিকল্পনার কথা। বলেছেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ইতিমধ্যে কিছু নির্দেশনা তৈরি হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা চলছে। ফুটবলকে প্রত্যন্ত গ্রাম, গঞ্জ, জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে হবে। গড়ে তুলতে হবে একাডেমি। ক্লাবগুলোর জন্য বাধ্যতামূলক একাডেমি ও নিজস্ব মাঠের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে। বয়সভিত্তিক দল নিয়েও কাজ করতে চায় সরকার।’
আমিনুলের উপলব্ধি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ফুটবলের লক্ষ্য নিয়ে অনেক কথা হয়েছে; কিন্তু উপমহাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি। এই সীমাবদ্ধতা কাটাতে হলে শুধু জাতীয় দল নিয়ে ভাবলে চলবে না, তৃণমূল থেকেই খেলোয়াড় তৈরির ব্যবস্থা করতে হবে বলে তিনি মনে করেন।
সাবেক দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলোয়াড়দের এই মিলনমেলা তাই নিছক একটি প্রীতি ম্যাচ ছিল না। এটি ছিল হারিয়ে যাওয়া ফুটবল-উন্মাদনার স্মৃতিচারণ, পুরোনো সম্পর্কের পুনর্মিলন এবং বাংলাদেশের ফুটবলকে নতুন করে গড়ার প্রত্যয়েরও প্রকাশ। যে আমিনুল একসময় মোহামেডান-আবাহনীর হয়ে মাঠে লড়েছেন, সেই তিনিই এখন ফুটবলসহ গোটা ক্রীড়ার উন্নয়নের দায়িত্বে। মাঠের স্মৃতি আর ভবিষ্যতের পরিকল্পনা—দুইয়ের মেলবন্ধনেই আজকের দিনটি হয়ে উঠেছে বিশেষ।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






