গাড়ি চালানোর সময় নেভিগেশন, গান শোনা কিংবা ফোনে যোগাযোগ—এসব কাজ সহজ করতে অ্যান্ড্রয়েড অটো ব্যবহার করেন অনেকেই। তবে বেশিরভাগ ব্যবহারকারী এর ডিফল্ট সেটিংসেই চলে। অথচ কয়েকটি সেটিংস বদলালেই গাড়ির ডিসপ্লেকে ব্যক্তিগত প্রয়োজনে সাজিয়ে নেওয়া যায়—অ্যাপের অবস্থান থেকে শুরু করে ওয়ালপেপার ও ম্যাপের সেটিংস পর্যন্ত।

১. পছন্দমতো অ্যাপ সাজিয়ে নিন

অ্যান্ড্রয়েড অটোয় কোন অ্যাপ আগে দেখবেন, তা ঠিক করতে প্রথমে ফোনের সেটিংস খুলতে হবে। এরপর ‘কানেক্টেড ডিভাইসেস’ থেকে ‘অ্যান্ড্রয়েড অটো’ নির্বাচন করে ‘কাস্টমাইজ লঞ্চার’ অপশনে যেতে হবে। ফোনের সেটিংসে সরাসরি ‘অ্যান্ড্রয়েড অটো’ লিখেও খুঁজে নেওয়া যায়।

এই অংশ থেকে গাড়ির ডিসপ্লেতে কোন অ্যাপ দেখা যাবে, তা নির্ধারণ করা যায়। অ্যাপের নাম টেনে ওপর-নিচে সরিয়ে পছন্দের ক্রমও ঠিক করা সম্ভব। যেমন নিয়মিত ব্যবহৃত ম্যাপ বা গানের অ্যাপ তালিকার শুরুতে রাখা যায়। অপ্রয়োজনীয় অ্যাপ লুকিয়ে রাখলেও সেগুলো ফোন থেকে মুছে যায় না।

২. নিজের মতো শর্টকাট তৈরি করুন

‘কাস্টমাইজ লঞ্চার’ থেকেই নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ফোন করা বা গুগল অ্যাসিস্ট্যান্টের কাজ চালু করার শর্টকাট বানানো যায়। এতে গাড়ির ডিসপ্লে থেকে এক ট্যাপেই দরকারি কাজ সম্পন্ন করা সম্ভব। যেমন—বাড়ির পথ দেখানো, গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে তা জানা কিংবা কাউকে বার্তা পাঠানোর শর্টকাট তৈরি করা যেতে পারে।

সমর্থিত ডিভাইসে জেমিনির মতো এআই সহকারীর সহায়তাও নেওয়া যায়। তবে গাড়ি চালানোর সময় রাস্তায় মনোযোগ রেখে ভয়েস কমান্ড ব্যবহার করাই নিরাপদ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৩. ডিসপ্লের বিন্যাস বদলে নিন

অ্যান্ড্রয়েড অটোর সেটিংসে ‘চেঞ্জ লেআউট’ অপশন থেকে ম্যাপ ও মিডিয়া প্লেয়ারের অবস্থান বদলানো যায়। যাঁরা নিয়মিত নেভিগেশন ব্যবহার করেন, তাঁরা চালকের কাছাকাছি ম্যাপ রাখার বিন্যাস বেছে নিতে পারেন। আর যাঁরা বেশি গান বা পডকাস্ট শোনেন, তাঁদের জন্য মিডিয়া প্লেয়ার সহজে চোখে পড়ার জায়গায় রাখা সুবিধাজনক হতে পারে।

কোন বিন্যাস সুবিধাজনক হবে, তা গাড়ির ডিসপ্লের আকার ও নকশার ওপরও নির্ভর করে।

৪. ফোনের ওয়ালপেপার ব্যবহার করুন

গাড়ির ডিসপ্লেতে অ্যান্ড্রয়েড অটোর সাধারণ ব্যাকগ্রাউন্ডের বদলে ফোনের ওয়ালপেপার ব্যবহার করা যায়—যদি সংশ্লিষ্ট সংস্করণে এই সুবিধা থাকে। এজন্য গাড়ির ডিসপ্লেতে অ্যান্ড্রয়েড অটো চালু করে সেটিংসে যেতে হবে। এরপর ‘ইউজ ফোনস ওয়ালপেপার’ অপশনটি চালু করলে ফোনের ওয়ালপেপার গাড়ির ইনফোটেইনমেন্ট ডিসপ্লের ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যাবে।

৫. ম্যাপের দিন-রাতের মোড বদলান

অ্যান্ড্রয়েড অটোয় ম্যাপের দিন ও রাতের মোড স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। তবে প্রয়োজন অনুযায়ী সেটিংস থেকে নির্দিষ্ট মোডও নির্বাচন করা যায়। যাঁরা দিনের বেলায় বা রাতে বেশি গাড়ি চালান, তাঁরা নিজেদের সুবিধামতো এই সেটিংস ব্যবহার করতে পারেন।

৬. গাড়ি চালু হলেই গান বাজা বন্ধ করুন

গাড়ির সঙ্গে ফোন সংযুক্ত করার পর অ্যান্ড্রয়েড অটো স্বয়ংক্রিয়ভাবে গান চালু করলে সেটিও বন্ধ করা সম্ভব। ফোনের অ্যান্ড্রয়েড অটো সেটিংসের ‘স্টার্টআপ’ অংশে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিডিয়া চালু হওয়ার অপশনটি বন্ধ করে দিতে হবে।

মূলত অ্যান্ড্রয়েড অটোর কয়েকটি সেটিংস বদলালেই গাড়ির ডিসপ্লেকে আরও ব্যক্তিগত ও ব্যবহারবান্ধব করে তোলা যায়। তবে কাস্টমাইজেশনের সুবিধা অ্যান্ড্রয়েড অটোর সংস্করণ, ফোন ও গাড়ির ডিসপ্লে অনুযায়ী ভিন্ন হতে পারে।

তথ্যসূত্র: এনগ্যাজেট

Source: জাগো নিউজ২৪