শীতের আমেজ শুরু হলেই বাড়িতে গরম পানির চাহিদা বাড়তে থাকে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে স্নানের সময় ঠান্ডা পানিতে হাত দিতে চান না অনেকেই। তাই এই সময়ে নতুন গিজার কেনার পরিকল্পনা করেন বহু মানুষ। বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের একাধিক ধরনের গিজার পাওয়া যায়। কোথাও কম দাম, কোথাও আবার আধুনিক প্রযুক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ের প্রতিশ্রুতি। কিন্তু গিজার কেনার সময় শুধু ব্র্যান্ড, দাম কিংবা কত লিটারের ট্যাঙ্ক রয়েছে, তা দেখলেই চলবে না। ভুল মডেল বেছে নিলে পরে বিদ্যুতের বিল বাড়তে পারে, প্রয়োজনের সময়ে পর্যাপ্ত গরম পানি নাও পাওয়া যেতে পারে। এমনকি নিরাপত্তার সমস্যাও তৈরি হতে পারে।

তাই নতুন গিজার কেনার আগে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে নেওয়া জরুরি। জাগো নিউজ টেকনোলজির প্রতিবেদন অনুযায়ী বিষয়গুলো তুলে ধরা হলো।

১. পরিবারের সদস্য অনুযায়ী ধারণক্ষমতা বেছে নিন

গিজার কেনার আগে প্রথমেই হিসাব করুন, বাড়িতে কতজন নিয়মিত গরম পানি ব্যবহার করেন। কারণ পরিবারের সদস্যসংখ্যা এবং দৈনিক পানির চাহিদার সঙ্গে গিজারের ট্যাঙ্কের ধারণক্ষমতা সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। সাধারণভাবে এক বা দুজনের পরিবারের জন্য ১০-১৫ লিটারের স্টোরেজ গিজার প্রয়োজন মেটাতে পারে। তিন-চারজনের পরিবারের ক্ষেত্রে ১৫-২৫ লিটারের মডেল বিবেচনা করা যায়। বড় পরিবারের জন্য আরও বেশি ধারণক্ষমতার গিজার প্রয়োজন হতে পারে।

তবে এগুলো সাধারণ ধারণা। পরিবারের সদস্যরা একসঙ্গে স্নান করেন কি না, বালতিতে জল ব্যবহার করেন নাকি শাওয়ারে—এসব বিষয়ও বিবেচনা করতে হবে। প্রয়োজনের তুলনায় বড় গিজার কিনলে অপ্রয়োজনীয়ভাবে বেশি পানি গরম করতে হতে পারে। আবার খুব ছোট ট্যাঙ্ক হলে একাধিক ব্যক্তির ব্যবহারের জন্য বারবার জল গরম করার অপেক্ষা করতে হবে।

২. নিরাপত্তার ফিচার আছে কি না দেখে নিন

গিজার কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নিরাপত্তা। কারণ এটি একই সঙ্গে বিদ্যুৎ ও পানি ব্যবহার করে। তাই কেনার আগে কয়েকটি সুরক্ষাব্যবস্থা রয়েছে কি না, তা যাচাই করতে হবে। এছাড়া গিজার বসানোর সময় সঠিক আর্থিং, উপযুক্ত সার্কিট ব্রেকার এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুধু নিরাপত্তার ফিচার থাকলেই হবে না, সঠিকভাবে ইনস্টল করাও জরুরি।

৩. কত দ্রুত পানি গরম হয়, তা যাচাই করুন

শীতের সকালে গরম পানির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে কারো ভালো লাগে না। তাই গিজার কেনার আগে সেটির হিটিং ক্ষমতা এবং পানি গরম হতে আনুমানিক কত সময় লাগে, তা জেনে নিন। পানি গরম হওয়ার সময় নির্ভর করে ট্যাঙ্কের ধারণক্ষমতা, হিটিং এলিমেন্টের ওয়াট এবং সরবরাহ করা পানির প্রাথমিক তাপমাত্রার ওপর। সাধারণত ছোট ট্যাঙ্কের পানি তুলনামূলক কম সময়ে গরম হয়। অন্যদিকে, বেশি ধারণক্ষমতার ট্যাঙ্কে সময় কিছুটা বেশি লাগতে পারে। তবে দ্রুত পানি গরম হওয়ার জন্য প্রয়োজনের তুলনায় ছোট গিজার কেনা ঠিক নয়। এতে একবার পানি ব্যবহারের পর পরবর্তীবার গরম পানির জন্য অপেক্ষা করতে হতে পারে। তাই পরিবারের চাহিদা অনুযায়ী ধারণক্ষমতা ও হিটিং পাওয়ারের মধ্যে ভারসাম্য রাখা জরুরি।

৪. বিদ্যুতের বিল কমাতে স্টার রেটিং ও ইনসুলেশন দেখুন

গিজার নিয়মিত ব্যবহার করলে বিদ্যুতের বিলেও তার প্রভাব পড়ে। তাই কেনার আগে BEE-এর এনার্জি এফিশিয়েন্সি স্টার রেটিং দেখে নিন। সাধারণভাবে বেশি স্টার রেটিংয়ের গিজার তুলনামূলক কম বিদ্যুৎ খরচে কাজ করতে পারে। তবে শুধু ৫-স্টার রেটিং দেখেই বিদ্যুতের বিল নির্দিষ্ট পরিমাণ কমবে, এমনটা ভাবা ঠিক নয়। গিজারের ব্যবহার কতক্ষণ হচ্ছে, কতটা পানি গরম করা হচ্ছে এবং কোন তাপমাত্রায় রাখা হচ্ছে—এসবের ওপরও বিদ্যুৎ খরচ নির্ভর করে।

পাশাপাশি ট্যাঙ্কে PUF ইনসুলেশন রয়েছে কি না, সেটিও পরীক্ষা করতে হবে। এই ইনসুলেশন ট্যাঙ্কের ভেতরের গরম পানি দীর্ঘক্ষণ উষ্ণ রাখতে সাহায্য করে। ফলে বারবার হিটিং চালু হওয়ার প্রয়োজন কমতে পারে। অটোমেটিক থার্মোস্ট্যাট থাকলে জল নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর হিটিং নিয়ন্ত্রণ করাও সহজ হয়।

৫. কেনার আগে ওয়ারেন্টির শর্ত জেনে নিন

অনেকেই গিজার কেনার সময় শুধু দাম ও ব্র্যান্ডের দিকে নজর দেন। কিন্তু পরবর্তী সময়ে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিলে ওয়ারেন্টি কাজে আসে। তাই কেনার আগে ওয়ারেন্টির শর্ত ভালোভাবে পড়ে নিন। বিশেষ করে ট্যাঙ্ক, হিটিং এলিমেন্ট এবং সম্পূর্ণ গিজারের জন্য কত বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, তা আলাদা করে জেনে নিন। কারণ অনেক সংস্থা ট্যাঙ্কের জন্য দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি দিলেও অন্যান্য যন্ত্রাংশের ক্ষেত্রে সময়সীমা কম রাখে। এছাড়া বাড়ির কাছাকাছি সংস্থার অনুমোদিত সার্ভিস সেন্টার রয়েছে কি না, সেটিও দেখে নিতে পারেন। এতে গিজারে সমস্যা হলে মেরামত বা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।

Source: জাগো নিউজ২৪