দেশের স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ ও ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্যামসাংয়ের নতুন পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবে।
আগামী ১ ডিসেম্বর থেকে এসইবিএল ডিস্ট্রিবিউশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এর আগে রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত ‘স্যামসাং-এসইবিএল পার্টনার সামিট ২০২৬’-এ এই অংশীদারিত্বের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। সম্মেলনে স্যামসাং বাংলাদেশ ও এসইবিএল ডিস্ট্রিবিউশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দুই শতাধিক আঞ্চলিক পরিবেশক ও এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেটের অংশীদার অংশ নেন।
স্যামসাং বলছে, ২০২৭ সালে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি, উন্নত সেবা নিশ্চিত করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের সহজলভ্যতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল ফোন বিতরণ খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিস্তৃত খুচরা বিক্রয় নেটওয়ার্ক, ব্যবসায়িক সম্পর্ক এবং বাজার ব্যবস্থাপনায় দক্ষতাকে কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলে স্যামসাংয়ের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে এসইবিএল।
এদিকে বিশ্ববাজারে মেমোরি চিপের সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির কারণে স্মার্টফোন শিল্পে প্রতিযোগিতার ধরন পরিবর্তিত হচ্ছে বলে সংশ্লিষ্টদের বক্তব্য। এ পরিস্থিতিতে মেমোরি চিপ উৎপাদনে স্যামসাংয়ের নিজস্ব সক্ষমতা এবং শক্তিশালী বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠানটিকে বাড়তি সুবিধা দিচ্ছে। ভারত ও আফ্রিকার মতো মূল্যসংবেদনশীল বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
সম্মেলনে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জুংমিন জুং বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে স্যামসাং দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের গ্রাহকদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তিনি আরও বলেন, পরিবর্তিত বাজার পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদা আরও ভালোভাবে বোঝা, সেবার মান উন্নত করা এবং দেশের বিভিন্ন প্রান্তে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করাই স্যামসাংয়ের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে ব্যবসায়িক অংশীদারদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, এটি শুধু নতুন একটি ব্যবসায়িক কার্যক্রমের সূচনা নয়, বরং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে সম্মিলিত যাত্রা। স্যামসাংয়ের বৈশ্বিক সক্ষমতা, এসইবিএলের অভিজ্ঞতা ও বাস্তবায়ন দক্ষতা এবং ব্যবসায়িক অংশীদারদের উদ্যোক্তা মনোভাব কাজে লাগিয়ে নতুন সম্ভাবনা তৈরি করতে চান তারা। তিনি আরও বলেন, প্রতিটি ব্যবসায়িক অংশীদারের সাফল্যই হবে তাদের সম্মিলিত সাফল্যের প্রকৃত মাপকাঠি।
সংশ্লিষ্টদের মতে, স্যামসাং ও এসইবিএলের এই অংশীদারিত্ব দেশের দক্ষিণাঞ্চলে স্মার্টফোনের বিতরণব্যবস্থা আরও গতিশীল করার পাশাপাশি গ্রাহকসেবা ও পণ্যের প্রাপ্যতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। নতুন এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্যও নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ টেকনোলজি
Source: জাগো নিউজ২৪






