অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার বদলে আগুন লাগার আগেই ঝুঁকি শনাক্ত করে সতর্ক করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ভবন, শিল্পপ্রতিষ্ঠান কিংবা বিভিন্ন স্থাপনায় থাকা ক্যামেরা, সেন্সর, বৈদ্যুতিক মিটার ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত করে আগুন, ধোঁয়া, অতিরিক্ত তাপ কিংবা জরুরি বহির্গমন পথে প্রতিবন্ধকতা আগেভাগেই শনাক্ত করা সম্ভব। এমন সম্ভাবনার কথা উঠে এসেছে ঢাকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে।
গত শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘এআই-পাওয়ার্ড ডিজিটাল সেফটি অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) আয়োজনে দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬-এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. সাদিয়া শারমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং স্মার্ট ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন।
দুর্ঘটনার পর নয়, আগে থেকেই প্রতিরোধ
মূল প্রবন্ধে রিয়াদ হাসনাইন বলেন, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির সহায়তায় আগেই ঝুঁকি শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, অগ্নি নিরাপত্তার পাশাপাশি সাইবার নিরাপত্তাকেও একই সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। এআইভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে জাতীয় পর্যায়ে একটি নির্দেশিকা প্রণয়নেরও প্রস্তাব দেন তিনি।
চোখের সামনে থাকা ক্যামেরাই হবে সতর্কবার্তার মাধ্যম
সেমিনারে দেখানো হয়, বিদ্যমান সিসিটিভি ক্যামেরার সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত করেই অগ্নিকাণ্ডের প্রাথমিক সংকেত শনাক্ত করা সম্ভব। ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে আগুন বা ধোঁয়ার উপস্থিতি শনাক্ত করার পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্রপাতির অস্বাভাবিক তাপমাত্রা এবং জরুরি বহির্গমন পথে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না, তাও শনাক্ত করতে পারবে এআই। মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, একটি ভিডিও ফ্রেম বিশ্লেষণ করে আগুন বা ধোঁয়া শনাক্ত করতে এআই প্রযুক্তির মাত্র শূন্য দশমিক শূন্য ১৬ সেকেন্ড সময় লাগতে পারে। ঝুঁকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি ফায়ার সার্ভিসকেও অবহিত করার ব্যবস্থা রাখা যেতে পারে। অর্থাৎ, আগুন দৃশ্যমানভাবে ছড়িয়ে পড়ার অপেক্ষা না করে অস্বাভাবিকতা শনাক্ত হওয়ার মুহূর্তেই সতর্ক হতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতে পারে।
অগ্নি নিরাপত্তার সঙ্গে যুক্ত হচ্ছে সাইবার নিরাপত্তাও
বর্তমানে একটি আধুনিক ভবনের নিরাপত্তা ব্যবস্থা শুধু অগ্নিনির্বাপণ যন্ত্র বা ফায়ার অ্যালার্মের মধ্যে সীমাবদ্ধ নয়। ভবনের সিসিটিভি, সেন্সর, বৈদ্যুতিক ব্যবস্থা, প্রবেশ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা পরস্পরের সঙ্গে যুক্ত থাকায় এসব ব্যবস্থার সাইবার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেমিনারে তাই অগ্নি ও সাইবার নিরাপত্তাকে আলাদা করে না দেখে সমন্বিত নিরাপত্তাব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষজ্ঞদের অংশগ্রহণ
সেমিনারের প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান, বিডিএসএএফের সাধারণ সম্পাদক ও ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান মুহিব্বুল মুক্তাদির তানিম, বিএনএনআরসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, ইসাব সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম এবং ইউবিক করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম। সেমিনার সঞ্চালনা করেন ইসাবের যুগ্ম মহাসচিব ও গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম খান।
নিরাপত্তা প্রযুক্তির বড় আয়োজন
২৬ নভেম্বর শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোতে ২০টির বেশি দেশের শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রদর্শনীতে অগ্নি ও নিরাপত্তা প্রযুক্তির বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি কারিগরি সেমিনার, ব্যবসায়িক বৈঠক এবং অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে অগ্নি নিরাপত্তার ধারণাতেও যে পরিবর্তন আসছে, ঢাকার এই আন্তর্জাতিক আয়োজন তারই একটি ইঙ্গিত। আগুন লাগার পর ছুটে যাওয়ার বদলে আগুন লাগার আগেই ঝুঁকি শনাক্ত করে সতর্ক করা—ভবিষ্যতের অগ্নি নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার এই সক্ষমতাই হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের হাতিয়ার।
তথ্যসূত্র: জাগো নিউজ টেকনোলজি
Source: জাগো নিউজ২৪






