স্মার্টওয়াচ এখন কেবল সময় দেখা বা ফোনের নোটিফিকেশন পাওয়ার মাধ্যম নয়, বরং শরীরের নানা গুরুত্বপূর্ণ তথ্য জানার অন্যতম উপায় হয়ে উঠেছে। ব্যবহারকারীদের এই অভিজ্ঞতা আরও উন্নত করতে গ্যালাক্সি ওয়াচ ৮ সিরিজের জন্য নতুন সফটওয়্যার আপডেট এনেছে স্যামসাং।

ওয়ান ইউআই ৯ ওয়াচ নামের এই আপডেটে যুক্ত হয়েছে পাঁচটি নতুন স্বাস্থ্য ও ফিটনেস ফিচার। পাশাপাশি ঘুম পর্যবেক্ষণ, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ওয়াচফেস সাজানো এবং নেভিগেশন ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন।

স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি ওয়াচ ৮ এবং গ্যালাক্সি ওয়াচ ৮ ক্ল্যাসিক স্মার্টওয়াচে ওয়ান ইউআই ৯ ওয়াচ আপডেট দেওয়া শুরু হয়েছে। ওয়্যার ওএস ৭-ভিত্তিক এই আপডেটে নতুন স্বাস্থ্য সুবিধাগুলো আগে গ্যালাক্সি ওয়াচ ৯ এবং গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২-তে চালু হয়েছিল।

নতুন স্বাস্থ্য ফিচারসমূহ

নতুন আপডেটের অন্যতম আকর্ষণ হলো ভাইটালস ফিচার। এটি ঘুমের সময় হৃদস্পন্দন, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, শ্বাস-প্রশ্বাসের হার, ত্বকের তাপমাত্রা এবং রক্তে অক্সিজেনের মাত্রা—এই পাঁচটি বিষয় পর্যবেক্ষণ করে। স্বাভাবিক পরিমাপের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন হলে ব্যবহারকারীকে সতর্ক করে।

এছাড়া হার্ট হেলথ স্কোর সুবিধা ঘুম ও দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে হৃদস্বাস্থ্যের একটি সামগ্রিক স্কোর দেখায়। অন্যদিকে ডেইলি কার্ডিও লোড ব্যায়াম ও দৈনন্দিন কাজের কারণে হৃদযন্ত্রের ওপর কতটা চাপ পড়ছে, তা বুঝতে সাহায্য করে।

ফিটনেস ইনডেক্স ফিচারটি একাধিক শারীরিক সক্ষমতার মাপকাঠি একত্র করে ব্যবহারকারীর ফিটনেস সম্পর্কে ধারণা দেয়। পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্য অনুযায়ী ব্যায়ামের পরামর্শও দেয়।

ঘুম ও স্লিপ কোচিং

নতুন আপডেটে স্লিপ কোচিং আরও উন্নত করা হয়েছে। ব্যবহারকারীর ঘুমের ধরন ও লক্ষ্য বিশ্লেষণ করে ঘুমের অভ্যাস উন্নত করার পরামর্শ দেবে এই ফিচার। পাশাপাশি স্লিপ আপনেয়া শনাক্তকরণ সুবিধাতেও উন্নতি আনা হয়েছে। এটি ব্যবহারের জন্য স্যামসাং হেলথ মনিটর অ্যাপ প্রয়োজন।

ব্যবহার ও নেভিগেশন

স্বাস্থ্য ফিচারের পাশাপাশি ঘড়ির ব্যবহারেও এসেছে পরিবর্তন। পোর্ট্রেট ওয়াচ ফেস সুবিধায় নিজের পছন্দের ছবি ওয়াচফেস হিসেবে ব্যবহার করা যাবে। ছবিতে থাকা মানুষের মুখ শনাক্ত করে ঘড়ির সময় ও অন্যান্য উপাদান এমনভাবে সাজাবে, যাতে ছবির গুরুত্বপূর্ণ অংশ ঢাকা না পড়ে।

এছাড়া আপডেট করা কম্পাসে গুরুত্বপূর্ণ জায়গা সংরক্ষণ করা যাবে। কম্পাস ফিচারের সাহায্যে আগে রেকর্ড করা পথ অনুসরণ করে শুরুর জায়গায় ফিরে আসাও সহজ হবে।

প্রাপ্যতা ও শর্ত

তবে স্যামসাং জানিয়েছে, দেশ, স্মার্টওয়াচের মডেল ও মোবাইল অপারেটরভেদে আপডেট এবং কিছু ফিচারের প্রাপ্যতা আলাদা হতে পারে। নতুন সুবিধাগুলোর কয়েকটি ব্যবহারের জন্য স্যামসাং হেলথ ও স্যামসাং হেলথ মনিটর অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ টেকনোলজি।

Source: জাগো নিউজ২৪