স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবলেট—প্রায় প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসেই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়। ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল বা ব্যক্তিগত নথির নিরাপত্তায় পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে লগইনের প্রচলিত পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। এখন অনেক ডিভাইসে পাসওয়ার্ড টাইপ না করেই কেবল আঙুলের ছাপ বা মুখের সাহায্যে প্রবেশ করা যায়। এই ব্যবস্থাকে বলা হয় বায়োমেট্রিক অথেনটিকেশন।
এতে ব্যবহারকারীর শারীরিক বৈশিষ্ট্য শনাক্ত করে পরিচয় যাচাই করা হয়। ফলে বারবার জটিল পাসওয়ার্ড মনে রাখা বা টাইপ করার প্রয়োজন পড়ে না।
বায়োমেট্রিক লগইন আসলে কী?
বায়োমেট্রিক লগইন এমন একটি নিরাপত্তাব্যবস্থা, যেখানে ব্যবহারকারীর শারীরিক বৈশিষ্ট্যকে পরিচয় যাচাইয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ এবং ফেস রিকগনিশন বা মুখের অবয়ব শনাক্তকরণ এর সবচেয়ে পরিচিত উদাহরণ। এ ছাড়া চোখের আইরিস, কণ্ঠস্বর বা হাতের গঠন শনাক্ত করার প্রযুক্তিও বায়োমেট্রিক ব্যবস্থার অন্তর্ভুক্ত। সাধারণত স্মার্টফোনের সেন্সর বা বিশেষ স্ক্যানারের মাধ্যমে এসব বৈশিষ্ট্য শনাক্ত করা হয়।
কীভাবে কাজ করে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক?
প্রথমবার বায়োমেট্রিক সুবিধা চালু করার সময় ব্যবহারকারীকে নিজের আঙুলের ছাপ বা মুখের অবয়ব স্ক্যান করতে হয়। ডিভাইসের বিশেষ সেন্সর সেই তথ্য সংগ্রহ করে একটি ডিজিটাল টেমপ্লেট তৈরি করে। এরপর সেটি সাধারণত ডিভাইসের সুরক্ষিত চিপ বা নির্দিষ্ট নিরাপদ স্টোরেজে সংরক্ষণ করা হয়।
পরবর্তী সময়ে ফোন আনলক করতে আঙুলের ছাপ দিলে বা ক্যামেরার সামনে মুখ ধরলে ডিভাইস নতুন করে পাওয়া তথ্যের সঙ্গে আগে সংরক্ষিত টেমপ্লেট মিলিয়ে দেখে। নির্ধারিত মাত্রায় মিল পাওয়া গেলেই ফোন ব্যবহারের অনুমতি দেয়।
এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক আধুনিক ডিভাইসে বায়োমেট্রিক তথ্য সরাসরি ইন্টারনেটে পাঠানো হয় না। বরং ডিভাইসের মধ্যেই পরিচয় যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।
পাসওয়ার্ড ছাড়াই ওয়েবসাইটে লগইন কীভাবে সম্ভব?
বর্তমানে অনেক ওয়েবসাইট ও অনলাইন পরিষেবায় পাসওয়ার্ডের বিকল্প হিসেবে পাসকি ব্যবহারের সুযোগ রয়েছে। এই প্রযুক্তি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি বা এক বিশেষ ধরনের এনক্রিপশন ব্যবস্থার ওপর নির্ভর করে। পাসকি তৈরির সময় দুটি ক্রিপ্টোগ্রাফিক কি তৈরি হয়। এর একটি প্রাইভেট কি, যা ব্যবহারকারীর ডিভাইসে সুরক্ষিত থাকে। অন্যটি পাবলিক কি, যা সংশ্লিষ্ট ওয়েবসাইট বা পরিষেবার সার্ভারে সংরক্ষিত থাকে।
লগইন করার সময় ওয়েবসাইট ডিভাইসের কাছে একটি বিশেষ ক্রিপ্টোগ্রাফিক চ্যালেঞ্জ পাঠায়। ব্যবহারকারী ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক বা ডিভাইসের পিন দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করলে ডিভাইসের প্রাইভেট কি দিয়ে সেই চ্যালেঞ্জের উত্তর তৈরি হয়। সার্ভারে থাকা পাবলিক কি দিয়ে উত্তরটি যাচাই করা হয়। সবকিছু ঠিক থাকলে ব্যবহারকারী অ্যাকাউন্টে প্রবেশের অনুমতি পান।
এখানে ফিঙ্গারপ্রিন্ট বা মুখের তথ্য ওয়েবসাইটের কাছে পাঠানোর প্রয়োজন হয় না। বায়োমেট্রিক পদ্ধতি মূলত ডিভাইসের ভেতরে থাকা প্রাইভেট কি ব্যবহারের অনুমতি দেয়।
পাসওয়ার্ডের তুলনায় কেন বেশি নিরাপদ?
একই পাসওয়ার্ড একাধিক ওয়েবসাইটে ব্যবহার করলে একটি অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার পর অন্য অ্যাকাউন্টগুলোও ঝুঁকিতে পড়তে পারে। আবার দুর্বল পাসওয়ার্ড সহজেই অনুমান করা সম্ভব। ফিশিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
পাসকির ক্ষেত্রে প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা ক্রিপ্টোগ্রাফিক পরিচয় তৈরি হয়। ফলে একটি ওয়েবসাইটের তথ্য ফাঁস হলেও অন্য অ্যাকাউন্টে প্রবেশের জন্য সেই তথ্য ব্যবহার করা যায় না। এ ছাড়া পাসকি নির্দিষ্ট ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকায় ভুয়া ওয়েবসাইটে লগইন করার ঝুঁকিও কমে।
বায়োমেট্রিক প্রযুক্তি কি পুরোপুরি ঝুঁকিমুক্ত?
পাসওয়ার্ডের তুলনায় বায়োমেট্রিক লগইন ও পাসকি অনেক ক্ষেত্রে বেশি নিরাপদ হলেও একে শতভাগ ঝুঁকিমুক্ত বলা যায় না। উন্নত প্রযুক্তির সাহায্যে কখনো কখনো নকল আঙুলের ছাপ বা ছবি ব্যবহার করে শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা হতে পারে। তাই আধুনিক ডিভাইসে লাইভনেস ডিটেকশনসহ বিভিন্ন অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়।
আরেকটি বিষয় হলো, পাসওয়ার্ড পরিবর্তন করা সম্ভব হলেও আঙুলের ছাপ বা মুখের অবয়ব সহজে পরিবর্তন করা যায় না। তাই বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।
ডিজিটাল নিরাপত্তায় বায়োমেট্রিক প্রযুক্তি ও পাসকি নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইসের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা, শক্তিশালী পিন ব্যবহার করা এবং অপরিচিত লিংকে প্রবেশ না করার মতো সতর্কতাও জরুরি। তথ্যসূত্র: জাগো নিউজ টেকনোলজি
Source: জাগো নিউজ২৪






