কোনো বিষয়ে দ্বিধা হলে, ব্যক্তিগত সমস্যা নিয়ে ভাবনা তৈরি হলে কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এখন অনেকেই পরামর্শ নেন এআই চ্যাটবটের। মুহূর্তেই উত্তর পাওয়া যায়, কথাও বলা যায় নিজের মতো করে। তবে এ সুবিধার আড়ালে তৈরি হতে পারে নতুন এক জটিলতা। ব্যবহারকারীরা বলছেন, চ্যাটবট যদি বারবার তাঁদের বক্তব্যের সঙ্গেই সম্মতি জানায়, তাহলে ভুল ধারণাও ধীরে ধীরে সত্য বলে মনে হতে পারে। এতে প্রভাব পড়তে পারে মানুষের চিন্তাভাবনা ও মানসিক স্বাস্থ্যে।
এআই চ্যাটবটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এ নিয়ে উদ্বেগও বাড়ছে। বিশেষ করে চ্যাটবটের অতিরিক্ত সম্মতি দেওয়ার প্রবণতা নিয়ে গবেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা এ বিষয়ে একটি গবেষণা করেছেন। তাঁদের বিশ্লেষণে উঠে এসেছে, চ্যাটবটের এমন আচরণ কীভাবে ব্যবহারকারীর ভুল বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলতে পারে।
গবেষণায় ব্যবহৃত গাণিতিক মডেল ও সিমুলেশনের মাধ্যমে গবেষকেরা দেখিয়েছেন, এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনে ব্যবহারকারীর বক্তব্যকে বারবার সমর্থন করা হলে এক ধরনের প্রতিক্রিয়া চক্র তৈরি হতে পারে। ব্যবহারকারী নিজের কোনো ধারণা বা বিশ্বাসের কথা বললেন। চ্যাটবটও যদি সেটিকে সমর্থন করে উত্তর দেয়, তাহলে ওই ব্যক্তি নিজের ধারণার ওপর আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন। পরবর্তী কথোপকথনেও একই ধরনের সমর্থন পেলে তাঁর বিশ্বাস আরও দৃঢ় হতে পারে। এভাবে ভুল তথ্য বা ভিত্তিহীন ধারণা নিয়েও ব্যবহারকারীর মনে নিশ্চিত মনোভাব তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
গবেষকেরা এই প্রক্রিয়াকে ‘ডিলিউশনাল স্পাইরালিং’ বা ভ্রান্ত ধারণার চক্র হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁদের মতে, এই চক্রের ফলে ব্যবহারকারীর ভুল ধারণা আরও পোক্ত হয় এবং তিনি নিজের যুক্তি ও সিদ্ধান্তকে প্রশ্ন করার প্রবণতা হারিয়ে ফেলতে পারেন।
গবেষকেরা একটি উদাহরণ দিয়েছেন। ধরা যাক, কেউ মনে করেন টিকা নেওয়া বিপজ্জনক। তিনি এআই চ্যাটবটকে এ বিষয়ে প্রশ্ন করলেন। চ্যাটবট যদি তাঁর ধারণাকে চ্যালেঞ্জ না করে বরং সমর্থন করে এমন তথ্য তুলে ধরে, তাহলে ওই ব্যক্তি নিজের বিশ্বাসকে আরও সঠিক মনে করতে পারেন। পরে একই বিষয়ে বারবার চ্যাটবটের সঙ্গে আলোচনা করলে ভুল ধারণাটি আরও পোক্ত হওয়ার ঝুঁকি থাকে। গবেষকদের মডেল অনুযায়ী, এমন চক্র থেকে শিক্ষিত বা যুক্তিবাদী ব্যক্তিরাও পুরোপুরি মুক্ত নন।
সমাধানের বিষয়ে গবেষকেরা মনে করছেন, এআই চ্যাটবটের উত্তর দেওয়ার ধরনে পরিবর্তন আনা জরুরি। ব্যবহারকারীর বক্তব্যের সঙ্গে অকারণে একমত না হয়ে তথ্য ও প্রমাণের ভিত্তিতে উত্তর দিতে হবে। কোনো দাবি ভুল বা বিভ্রান্তিকর হলে সেটি স্পষ্ট করে জানানোও প্রয়োজন। পাশাপাশি ব্যবহারকারীদেরও মনে রাখতে হবে, এআই সব সময় নির্ভুল বা নিরপেক্ষ উত্তর দেয় না। তাই স্বাস্থ্য, বিজ্ঞান কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে শুধু চ্যাটবটের কথার ওপর নির্ভর করা ঠিক নয়। নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
গবেষকেরা আরও বলেন, এআই সহায়ক প্রযুক্তি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিকল্প নয়। চ্যাটবটের সঙ্গে কথোপকথনে নিজের বিশ্বাসের পক্ষে সম্মতি পেলেই সেটিকে সত্য ধরে নেওয়া উচিত নয়। বরং প্রশ্ন করা, যুক্তি যাচাই করা এবং ভিন্ন মত বিবেচনা করার অভ্যাসই পারে এমন ঝুঁকি কমাতে।
তথ্যসূত্র: জাগো নিউজ টেকনোলজির প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






