সন্তানের জন্মদিন, স্কুলের অনুষ্ঠান কিংবা পারিবারিক ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে থাকেন অনেক অভিভাবক। আনন্দের স্মৃতি ভাগ করে নেওয়ার সময় অনেকেই ভাবেন না, ছবিগুলো ভুল মানুষের হাতে পড়লে তা বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা এখন গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে বলে জানিয়েছে জাগো নিউজ টেকনোলজি।

ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে গেমিং প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপে শিশুদের উপস্থিতিও বেড়েছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। তারা প্রথমে বন্ধুত্ব বা পরিচয়ের মাধ্যমে শিশুদের বিশ্বাস অর্জন করে। এরপর নানা কৌশলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহের চেষ্টা চালায়। একবার ছবি হাতে পেলে শুরু হতে পারে ব্ল্যাকমেইল।

এআইয়ের ব্যবহারও বাড়ছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সাধারণ ছবিকে বিকৃত করেও আপত্তিকর ছবি তৈরি করতে পারে অপরাধীরা। এরপর সেই ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা বা আরও ব্যক্তিগত ছবি দাবি করা হয়। এতে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেক সময় পরিবারের কাছেও বিষয়টি গোপন রাখে।

প্রথমেই যা করবেন

  • শিশুদের বোঝাতে হবে, অনলাইনে পরিচিত কেউ ব্যক্তিগত ছবি চাইলে বা অস্বস্তিকর কথা বললে তাতে সাড়া দেওয়ার প্রয়োজন নেই।
  • কেউ ভয় দেখালে কিংবা গোপন রাখতে বললে বিষয়টি মা-বাবা বা পরিবারের বিশ্বস্ত কাউকে জানাতে হবে।
  • অপরিচিত কারো সঙ্গে একা দেখা করতেও যাওয়া যাবে না।
  • সন্তান কোনো সমস্যার কথা জানালে প্রথমেই তাকে বকাঝকা বা দোষারোপ করবেন না। বরং মন দিয়ে তার কথা শুনুন এবং আশ্বস্ত করুন যে, যা-ই ঘটুক, আপনি তার পাশে আছেন। ভয় বা লজ্জার কারণে যেন সে তথ্য গোপন না করে, সেই পরিবেশ তৈরি করা জরুরি।

ব্ল্যাকমেইল হলে করণীয়

কেউ ছবি বা ভিডিও নিয়ে হুমকি দিলে আতঙ্কিত হয়ে অপরাধীর দাবি মেনে নেওয়া উচিত নয়। টাকা দেওয়া বা আরও ছবি পাঠানো থেকে বিরত থাকতে হবে। বরং হুমকির মেসেজ, সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল, ফোন নম্বর ও কথোপকথনের স্ক্রিনশটসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে। এরপর দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সাইবার অপরাধ দপ্তরে অভিযোগ জানাতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা

সন্তানের ছবি বা ভিডিও পোস্ট করার আগে ভেবে দেখা উচিত, সেটি প্রকাশ করা কতটা প্রয়োজনীয়। অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ঠিক রাখতে হবে। অপরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না। সন্তানের স্কুল, বাসার ঠিকানা, নিয়মিত যাতায়াতের সময়সূচির মতো তথ্য প্রকাশ করা এড়িয়ে চলতে হবে।

শিশুর অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রযুক্তিগত নজরদারি যথেষ্ট নয়। পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা, বিশ্বাসের সম্পর্ক এবং সচেতনভাবে ইন্টারনেট ব্যবহারের অভ্যাস গড়ে তোলাই পারে শিশুদের অনেক বড় বিপদ থেকে দূরে রাখতে।

তথ্যসূত্র: জাগো নিউজ টেকনোলজি।

Source: জাগো নিউজ২৪