দুবাইয়ে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট এক সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন প্রবাসী ফরহাদ হোসেন (৩০)। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দুবাইয়ের একটি কোম্পানিতে কাজ চলার সময় ফরহাদের এক সহকর্মী বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধারে এগিয়ে গেলে ফরহাদ নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান, তবে ওই সহকর্মী বেঁচে যান।

অটোভ্যান বেচে, ব্যাংকঋণ ও ধারদেনার টাকায় প্রায় চার বছর আগে দুবাই গিয়েছিলেন ফরহাদ, জানালেন স্ত্রী মৌসুমি আক্তার। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘এখনো প্রায় দেড় লাখ টাকার ঋণ রয়েছে।’

ফরহাদের ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। স্থানীয়দের ভাষ্য, একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে পরিবারটি গভীর অনিশ্চয়তায় পড়েছে; তারা সরকার ও বিত্তবানদের সহায়তা চেয়েছেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।