সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আসিফ (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। পরিবার জানায়, রোববার (৩০ আগস্ট) রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দুবাই-আবুধাবি মহাসড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আসিফের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজারে, বাবা দেলোয়ার হোছাইনের বড় ছেলে তিনি।

ছেলের মৃত্যুতে দেলোয়ার হোছাইন বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে।’ পরিবারের ভাগ্য ফেরাতে বিদেশ যাওয়া ছেলে লাশ হয়ে ফিরবে, তা কখনো ভাবেননি তিনি। শেষবার মুখ দেখতে ছেলের মরদেহ দ্রুত দেশে আনতে সরকার ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ জানান তিনি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার সংবাদমাধ্যমকে বলেন, সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো খবর তিনি এখনো পাননি। পরিবার নির্ধারিত ফরম পূরণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করলে নিয়ম অনুযায়ী আর্থিক অনুদানসহ সব ধরনের সহায়তা পাবে বলে জানান তিনি।