সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহসহ বিভিন্ন এলাকার বাতাসে পেট্রোল বা গ্যাসের মতো তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। গন্ধের উৎস এখনো শনাক্ত করা যায়নি এবং কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
গত কয়েক দিন ধরে এই অস্বাভাবিক গন্ধ টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানায়, অস্বাভাবিক গন্ধের উৎস শনাক্ত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাথমিক মূল্যায়নে উদ্বেগের কোনো কারণ পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় বাসিন্দাদের অভিযোগ
এক্সে (সাবেক টুইটার) এক বাসিন্দা লিখেছেন, সারা শহরে পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে, অথচ এর কারণ এখনো জানা যায়নি। আরেকজন দুবাইয়ের ডাউনটাউন এলাকায় জ্বালানির মতো গন্ধ পাওয়ার কথা জানিয়ে কী ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে পরিদর্শন অব্যাহত রয়েছে। গন্ধের প্রভাব কমাতে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শারজাহ পুলিশের আশ্বাস
এর আগে সোমবার (১৯ অক্টোবর) শারজাহ ও আশপাশের এলাকায় অস্বাভাবিক দুর্গন্ধের অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। শারজাহ পুলিশের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ মুবারক বিন আমেরও বিষয়টি সম্পর্কে অবহিত হন।
তিনি বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি নিরাপদ ও স্থিতিশীল রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। দুর্গন্ধের প্রকৃত কারণ খুঁজে বের করতে কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানান।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পরিস্থিতির কোনো পরিবর্তন হলে কিংবা জনসাধারণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিলে তা জানানো হবে। এ বিষয়ে বাসিন্দাদের সরকারি সূত্র থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জনসাধারণকে জানানো হবে বলে জানিয়েছেন শারজাহ পুলিশপ্রধান। গন্ধের উৎস শনাক্ত না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও যৌথ তদন্ত অব্যাহত থাকছে।






